মোহাম্মদপুরে পুলিশ কোপানোর ঘটনায় প্রশ্ন- র্যাব বললো ‘টাইম উইল সে’
- আপডেট: ০৪:১২:০৫ অপরাহ্ন, রবিবার, ২৮ জুন ২০২৬
- / ১৮০০৮
নিজস্ব প্রতিবেদক,ঢাকা
রাজধানীর মোহাম্মদপুরের বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে পাটালি গ্রুপের সেকেন্ড ইন কমান্ড মো.শামীম পাটালিসহ ৮ ছিনতাইকারীকে গ্রেফতার করেছে র্যাব।
এসময় মোহাম্মদপুরের পুলিশকে কুপিয়ে আহত করার ঘটনায় আসামি গ্রেফতার বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, টাইম উইল সে (সময়ই বলে দেবে)
রবিবার (২৮ জুন) দুপুরে কারওয়ান বাজারে র্যাব মিডিয়া সেন্টারে আয়োজিত এক সংবাদ সন্মেলনে এসব বলেন র্যাব-২ এর অধিনায়ক অতিরিক্ত ডিআইজি নয়মুল হাসান।
পাটালি গ্রুপের সেকেন্ড ইন কমান্ড মো. শামীম পাটালিসহ ৮ ছিনতাইকারীকে গ্রেফতার প্রসঙ্গে সংবাদ সন্মেলনে
নয়মুল হাসান বলেন, গত ২৭ জুন গোয়েন্দা তথ্যের ভিত্তিতে র্যাব-২ জানতে পারে রাজধানীর মোহাম্মদপুর থানাধীন বসিলা এলাকায় কুখ্যাত ছিনতাইকারীচক্র পাটালি গ্রুপের সদস্যরা ছিনতাইয়ের প্রস্তুতি নিচ্ছে। ওই সংবাদের ভিত্তিতে র্যাব-২ এর একটি আভিযানিক দল অভিযান পরিচালনা করে পাটালি গ্রুপের শীর্ষ নেতৃত্বদানকারী মো. শামীম পাটালির দুই সহযোগি মো. খোকন মুন্সী ও মো. সজীব ব্যাপারীকে গ্রেফতার করে। পরে তাদের তথ্যের ভিত্তিতে একই রাতে অভিযান পরিচালনা করে পাটালি গ্রুপের শীর্ষ নেতৃত্বদানকারী মো. শামীম পাটালিকে চন্দ্রিমা মডেল টাউন থেকে একটি বিদেশী অস্ত্র এবং দুই রাউন্ড তাঁজাগুলিসহ গ্রেফতার করে।
তিনি বলেন, গ্রেফতারকৃত শামিম পাটালিসহ পাটালি পরিবারের অন্যান্য সদস্যরা গত ১৫ মে মোহাম্মদপুরের আলোচিত একই পরিবারের ৭ জন সদস্যকে কুপিয়ে জখম করার ঘটনার অভিযুক্ত আসামী। এই পাটালি পরিবারের অপর দুই সদস্য হত্যা মামলার আসামী রানা পাটালি এবং রাসেল পাটালি ইতিপূর্বে র্যাব-২ এর হাতে গ্রেফতার হয়ে এখন কারাগারে আছে। পাটালি পরিবারের (গ্রুপের) সকল সদস্যের নামে মোহাম্মদপুর থানায় চুরি, ছিনতাই, ডাকাতি ও মাদক মামলাসহ একাধিক মামলা রয়েছে।
র্যাব-২ এর অধিনায়ক বলেন, একই রাতে র্যাব-২ এর পৃথক দুইটি আভিযানিক দল অভিযান পরিচালনা করে চাঁদ উদ্যান থেকে মো.শাকিউল করিম ও মো.আরিফকে একটি চাপাতিসহ, বাবর রোড থেকে হৃদয় (৩০) ও নয়নকে (৩৫) ১টি চাপাতিসহ গ্রেফতার করে। গ্রেফতারকৃতরা দীর্ঘদিন যাবৎ দেশীয় অস্ত্রের ভয় দেখিয়ে পথচারীসহ নিরীহ জনগণের সর্বস্ব ছিনিয়ে নিতো।
তিনি জানান, এর আগে গত ২৪ জুন র্যাব-২ এর একটি আভিযানিক দল নিজস্ব গোয়েন্দা তথ্যের ভিত্তিতে রাজধানীর মোহাম্মদপুর থানাধীন রায়ের বাজার এলাকায় পাটালি গ্রুপের সদস্য মো. জুয়েল (২৬) ও তার সহযোগী মো. শাকিলকে (২২) ১টি তরবারিসহ গ্রেফতার করে।
তিনি বলেন, মো.শামীমের নামে রাজধানীর মোহাম্মদপুর থানায় চুরি, দস্যুতা, হত্যাচেষ্টা, গুরুতর আঘাত, মাদকসহ মোট ৮টি মামলা রয়েছে।মো. আরিফের নামে ডিএমপি মোহাম্মদপুর থানায় চুরি, দস্যুতা, হত্যাচেষ্টা, গুরুতর আঘাত, মাদকসহ মোট ৪টি মামলা রয়েছে। খোকন মুন্সির নামে কেরানীগঞ্জ মডেল থানায় একটি মাদক মামলা ও ভোলা ম্যাজিঃ আদালতে একটি যৌতুক মামলা রয়েছে। মো. সজীব ব্যাপারির নামে ডিএমপির ধানমন্ডি থানায় ডাকাতির উদ্যোগ গ্রহণের একটি মামলা রয়েছে। হৃদয়ের নামে ডিএমপি মোহাম্মদপুর থানায় মাদকদ্রব্য আইনে ৫টি ও দস্যুতার ২টি মামলা রয়েছে। মো. জুয়েলের নামে ডিএমপি মোহাম্মদপুর থানায় মাদকদ্রব্য আইনে ১ টি মামলা রয়েছে।
মোহাম্মদপুরে আলোচিত হত্যাকান্ড অ্যালেক্স গ্রুপের এলেক্স ইমনকে কুপিয়েছে রায়ের বাজারে আরেকটি কুখ্যাত কিশোর গ্যাং আরমান এবং শাহরুখ গ্রুপ। তাদের বিরুদ্ধে একাধিকবার পুলিশ কোপানোর ঘটনা আছে। তাদেরকে কেন ধরা হচ্ছে না জানতে চাইলে র্যাবের এ কর্মকর্তা বলেন, টাইম উইল সেই (সময়ই বলে দেবে।) । আইনশৃঙ্খলা বাহিনীর হাত অনেক বিস্তৃত আইনের উর্ধ্বে কেউ না।



















