মতিঝিলসহ বিভিন্ন স্থানে বোমা রাখার ঘটনায় জড়িতরা গ্রেফতার
- আপডেট: ০৬:২৮:২৬ পূর্বাহ্ন, বুধবার, ১২ অগাস্ট ২০২৬
- / ১৮০০১
নিজস্ব প্রতিবেদক,ঢাকা
রাজধানীর মতিঝিল মেট্রোরেল স্টেশনসহ বিভিন্ন স্থানে বোমা রাখার ঘটনায় জড়িতদের গ্রেফতার করেছে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিটিটিসি)।
মঙ্গলবার (১১ আগস্ট) রাতে ডিএমপির অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (মিডিয়া) নিয়াজ মেহেদী এ তথ্য জানান।
সম্প্রতি মতিঝিল মেট্রোরেল স্টেশনে একটি ব্যাগে থাকা পাইপ বোমা বিস্ফোরণ ঘটিয়ে নিষ্ক্রিয় করে বোম্ব ডিসপোজাল ইউনিট। এ ছাড়া মিরপুর ও তেজগাঁওয়ে পরিত্যক্ত বস্তু দেখে বোমা আতঙ্ক ছড়িয়ে পড়ে।
অন্যদিকে ঢাকার পাশের আশুলিয়ায় একটি শক্তিশালী বোমা নিষ্ক্রিয় করা হয়।
এসব ঘটনায় তদন্ত ও অনুসন্ধান চলছে।
এরই ধারাবাহিকতায় মতিঝিলসহ বিভিন্ন স্থানে বোমা রাখার ঘটনায় জড়িত অপরাধীদের গ্রেফতারের বিষয়ে জানাবে সিটিটিসি।
আজ বুধবার (১২ আগস্ট) দুপুর সাড়ে ১২টায় ডিএমপি মিডিয়া সেন্টারে এ ব্রিফিং অনুষ্ঠিত হবে।
এতে ব্রিফ করবেন ডিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার (সিটিটিসি) মোহাম্মদ শামসুল হক।
মিরপুর-১০ ও ফার্মগেট (তেজগাঁও এলাকা) মেট্রোরেল স্টেশনের নিচে গত ১ আগস্ট পরিত্যক্ত বস্তু ঘিরে বোমা আতঙ্ক ছড়িয়ে পড়ে। পুলিশ ও বোম্ব ডিসপোজাল ইউনিট ঘটনাস্থলে পৌঁছে পরীক্ষা করে নিশ্চিত করে, সেখানে কোনো বিস্ফোরক বা বিপজ্জনক বস্তু ছিল না। মিরপুরে জর্দার কৌটা ও পান এবং ফার্মগেটে কেবল সাধারণ আবর্জনা পাওয়া যায়।
অন্যদিকে আশুলিয়ার খেজুরবাগান এলাকার একটি চায়ের দোকানের সামনে পরিত্যক্ত ব্যাগ থেকে একটি শক্তিশালী প্রেশার কুকার বোমা (আইইডি) উদ্ধার করা হয়। পরে বোম্ব ডিসপোজাল ইউনিট নিয়ন্ত্রিত বিস্ফোরণের মাধ্যমে বোমাটি নিরাপদে নিষ্ক্রিয় করে।



















