চুনা কারখানা পরিচালনায় রাজনৈতিক প্রভাব খাটানোর অভিযোগ মোশাররফের বিরুদ্ধে
- আপডেট: ০২:৩১:৪৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬
- / ১৮০০৪
নিজস্ব প্রতিবেদক,সোনালী খবর
নারায়ণগঞ্জের সোনারগাঁও পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডের দত্তপাড়া এলাকায় একাধিক চুনা পোড়ানোর কারখানা পরিচালনার অভিযোগ উঠেছে। জনবহুল এলাকায় এসব কারখানার কার্যক্রমের কারণে পরিবেশ দূষণ, ধোঁয়া ও নানা ধরনের ভোগান্তির শিকার হচ্ছেন বলে অভিযোগ করেছেন স্থানীয় বাসিন্দাদের একটি অংশ।
স্থানীয় কয়েকজন বাসিন্দার অভিযোগ, প্রভাবশালী মহলের আশ্রয়-প্রশ্রয়ে এসব কারখানা পরিচালিত হচ্ছে। তাঁদের দাবি, সোনারগাঁও উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ও সম্ভাব্য পৌর মেয়র প্রার্থী মো. মোশাররফ হোসেন রাজনৈতিক প্রভাব খাটিয়ে এ ধরনের ব্যবসা পরিচালনা করছেন।
এলাকাবাসীর আরও অভিযোগ, কারখানাটি যে জমিতে পরিচালিত হচ্ছে, সেই জমির মালিকানা নিয়েও প্রশ্ন রয়েছে। তাঁদের দাবি, জমির প্রকৃত মালিকানা নিয়ে বিরোধ বা অস্পষ্টতা থাকলেও প্রভাব খাটিয়ে জায়গাটি ব্যবহার করা হচ্ছে।
এ ছাড়া স্থানীয় কয়েকজনের দাবি, রাজনৈতিক প্রভাব এবং বিভিন্ন মামলার ভয়ভীতি দেখিয়ে আর্থিক সুবিধা আদায়ের ঘটনাও এলাকায় আলোচনায় রয়েছে। তবে এসব অভিযোগের পক্ষে স্থানীয় বাসিন্দারা কোনো লিখিত বা নথিভুক্ত প্রমাণ উপস্থাপন করতে পারেননি।
সরেজমিনে স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা যায়, কারখানাটি দীর্ঘদিন ধরে পরিচালিত হচ্ছে। এর কার্যক্রম নিয়ে এলাকায় দীর্ঘদিন ধরেই নানা আলোচনা রয়েছে। কয়েকজন বাসিন্দা নাম প্রকাশ না করার শর্তে বলেন, তাঁরা প্রকাশ্যে অভিযোগ করতে ভয় পান।
স্থানীয়দের অভিযোগ, চুনা পোড়ানোর সময় নির্গত ধোঁয়া ও অন্যান্য বর্জ্যের কারণে আশপাশের পরিবেশের ওপর বিরূপ প্রভাব পড়ছে। জনবসতিপূর্ণ এলাকায় এ ধরনের কারখানা পরিচালনার বৈধতা নিয়েও প্রশ্ন তুলেছেন তাঁরা।
এ বিষয়ে সোনারগাঁও উপজেলা প্রশাসন, পরিবেশ অধিদপ্তর ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করেছেন স্থানীয় বাসিন্দারা।
তাঁদের দাবি, কারখানাগুলোর বৈধতা, পরিবেশগত ছাড়পত্র, জমির মালিকানা এবং পরিচালনার সঙ্গে সংশ্লিষ্ট বিষয়গুলো নিরপেক্ষভাবে তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হোক।তবে মো. মোশাররফ হোসেনের বক্তব্য পাওয়া যায়নি।



















