দেশে ফিরলেন সেনাপ্রধান
- আপডেট: ১২:৩৪:৪৬ অপরাহ্ন, শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬
- / ১৮০০৫
নিজস্ব প্রতিবেদক,ঢাকা
সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান পাঁচ দিনের সরকারি সফরে ইউনাইটেড নেশনস মিশন ইন সাউথ সুদান ও ইউনাইটেড নেশনস ইন্টারিম সিকিউরিটি ফোর্স ফর আবেই পরিদর্শন শেষে দেশে ফিরেছেন।
শুক্রবার (১৪ আগস্ট) সেনাপ্রধান দেশে ফেরেন বলে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে।
আইএসপিআর জানায়, সফরকালে সেনাবাহিনী প্রধান দক্ষিণ সুদানে মোতায়েনরত বাংলাদেশ সেনাবাহিনীর ইঞ্জিনিয়ার কোম্পানি, পদাতিক ব্যাটালিয়ন ও বাংলাদেশ নৌবাহিনীর ফোর্স মেরিন ইউনিট, এবং আবেই-তে বাংলাদেশ সেনাবাহিনীর পদাতিক ব্যাটালিয়ন পরিদর্শন করেন।
উভয় মিশন এলাকায় সেনাবাহিনী প্রধান বাংলাদেশি শান্তিরক্ষীদের সর্বোচ্চ সতর্কতা বজায় রেখে পেশাদারত্ব, শৃঙ্খলা ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালনের বিষয়ে দিকনির্দেশনা প্রদান করেন। এছাড়া তিনি (ইউএনমিআইএসএস) ও ইউএনআইএসএফএ মিশনে নিয়োজিত বাংলাদেশি স্টাফ অফিসার, অবজারভার এবং কন্টিনজেন্ট সদস্যদের সঙ্গে মতবিনিময় করেন এবং তাদের কার্যক্রম ও মিশনের সার্বিক পরিস্থিতি সম্পর্কে অবহিত হন।
সফরের অংশ হিসেবে সেনাবাহিনী প্রধান ইউএনমিআইএসএস এর ফোর্স কমান্ডার মেজর জেনারেল জুনহুই উই ও ইউএনআইএসএফএ-এর ফোর্স কমান্ডার লেফট্যান্ট জেনারেল গণেশ কুমার শ্রেষ্ঠার সঙ্গে পৃথকভাবে সাক্ষাৎ ও মতবিনিময় করেন।
এছাড়া, সেনাপ্রধান আবেই-তে মিশন লিডারশিপ টিম এবং সুদান ও দক্ষিণ সুদানের ন্যাশনাল মনিটরদের সঙ্গেও সাক্ষাৎ করেন। এ সব সাক্ষাতে মিশনের সার্বিক কার্যক্রম, নিরাপত্তা পরিস্থিতি এবং আভিযানিক চ্যালেঞ্জসহ বিভিন্ন বিষয়ে আলোচনা হয়।
পরবর্তীতে সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান দক্ষিণ সুদানের প্রতিরক্ষা মন্ত্রী কোহল থোন বালক এবং প্রতিরক্ষা বাহিনী প্রধান জেনারেল সান্তিনো ড্যাং ওলের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় করেন। এ সময় দক্ষিণ সুদান প্রতিরক্ষা বাহিনীর পক্ষ থেকে সেনাবাহিনী প্রধানকে গার্ড অব অনার প্রদান করা হয়।
সেনাপ্রধানের এ সফর বাংলাদেশি শান্তিরক্ষীদের মনোবল বৃদ্ধির পাশাপাশি সংশ্লিষ্ট দেশ ও জাতিসংঘের সঙ্গে বাংলাদেশের পারস্পরিক সম্পর্ক ও সহযোগিতা আরও সুদৃঢ় করবে এবং বাংলাদেশের জন্য শান্তিরক্ষা কার্যক্রমের পরিধি সম্প্রসারণে সহায়ক ভূমিকা পালন করবে বলে জানিয়েছে আইএসপিআর।



















