গুলশানে ৫৭৬ বোতল বিদেশী মদসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার
- আপডেট: ১০:০৮:১৪ অপরাহ্ন, শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬
- / ১৮০০৭
নিজস্ব প্রতিবেদক,ঢাকা
রাজধানীর গুলশান থানাধীন এলাকা থেকে ৫৭৬ বোতল বিদেশী মদসহ মো. মিরাজ শেখ (৪২) নামের এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র্যাব-১।
শুক্রবার (১৪ আগস্ট) র্যাব-১ এর সিনিয়র সহকারী পরিচালক (অপস্ এবং মিডিয়া অফিসার) অতিরিক্ত পুলিশ সুপার শাহ আলম এই তথ্য জানিয়েছেন।
তিনি বলেন, আজ শুক্রবার (১৪ আগস্ট) ভোর রাত ৩টা ৫ মিনিটের দিকে র্যাব-১ গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে যে নিউমার্কেট এলাকা থেকে কতিপয় ব্যক্তি বিপুল পরিমাণ অবৈধ মাদকদ্রব্যসহ পিকআপ যোগে গুলশান-১ এর ৩ নম্বর রোডের দিকে নিয়ে আসবে। ওই সংবাদের ভিত্তিতে র্যাবের আভিযানিক দলটি গুলশান-১ এর রোড নং-০৩, মইন সেন্টারের সামনের রাস্তার উপর বিশেষ চেকপোস্ট স্থাপন করে বিভিন্ন যানবাহন তল্লাশী কার্যক্রম পরিচালনা করে। চেকপোস্ট পরিচালনাকালীন সময় ভোর রাত ৩টা ৪০ মিনিটে ১টি মিনি পিকআপ চেকপোষ্ট অতিক্রম করে যাওয়ার চেষ্টা করলে আভিযানিক দল টহল টিমের সহায়তায় পিক-আপটিকে আটক করে। আটককৃত পিক-আপটি তল্লাশী করে মাদক ব্যবসায়ী মিরাজ শেখকে ৫৭৬ বোতল বিদেশী মদ জব্দ করে, যার আনুমানিক মূল্য ৩৪ লাখ ৫৬ হাজার টাকা।
অতিরিক্ত পুলিশ সুপার শাহ আলম বলেন, উদ্ধারকৃত মাদকদ্রব্য ও গ্রেফতারকৃত আসামীকে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহনের জন্য গুলশান থানায় হস্তান্তর করা হয়েছে।



















