পুলিশে পদোন্নতি হবে ব্যাচভিত্তিক, গুরুত্ব পাবে মেধা-যোগ্যতা-দক্ষতা: সদরদপ্তর
- আপডেট: ০৯:৩০:১৫ পূর্বাহ্ন, সোমবার, ১৭ অগাস্ট ২০২৬
- / ১৮০০২
নিজস্ব প্রতিবেদক,ঢাকা
বাংলাদেশ পুলিশে বিভিন্ন পদে পদোন্নতির প্রক্রিয়া চলমান রয়েছে। এ ক্ষেত্রে সিনিয়র ব্যাচের কর্মকর্তাদের ডিঙিয়ে জুনিয়র ব্যাচের কর্মকর্তাদের পদোন্নতি দেওয়ার কোনো সিদ্ধান্ত হয়নি বলে জানিয়েছে পুলিশ সদরদপ্তর। সংস্থাটি জানিয়েছে,পুলিশে পদোন্নতি হবে মেধা,যোগ্যতা ও দক্ষতার ভিত্তিতে এবং তা হবে ব্যাচভিত্তিক।
রবিবার (১৬ আগস্ট) মধ্যরাতে বাংলাদেশ পুলিশের অফিশিয়াল ফেসবুক পেইজের এক পোস্টে এ তথ্য জানানো হয়।
পোস্টে পুলিশ সদরদপ্তর বলেছে, বাংলাদেশ পুলিশে পর্যায়ক্রমে অতিরিক্ত আইজি পদে পদোন্নতি, ডিআইজি পদে পদোন্নতি, সুপারনিউমারারি অতিরিক্ত ডিআইজিদের পদায়ন, অতিরিক্ত ডিআইজি পদে পদোন্নতি, সুপারনিউমারারি পুলিশ সুপারদের পদায়ন এবং পুলিশ সুপার পদে পদোন্নতির প্রক্রিয়া চলমান রয়েছে।
পদোন্নতির ক্ষেত্রে সিনিয়র ব্যাচের কর্মকর্তাদের ডিঙিয়ে জুনিয়র ব্যাচের কর্মকর্তাদের পদোন্নতি দেওয়া হবে না বলে জানিয়েছে সদরদপ্তর। এ ধরনের পদোন্নতি দেওয়ার কোনো সিদ্ধান্তও নেওয়া হয়নি।
তবে সম্প্রতি সিনিয়র ব্যাচের কর্মকর্তাদের ডিঙিয়ে জুনিয়র ব্যাচের কর্মকর্তাদের পদোন্নতি দেওয়া হবে—এমন তথ্য বিভিন্ন মাধ্যমে ছড়ানো হচ্ছে। পুলিশ সদরদপ্তর বলছে, এসব তথ্য বিভ্রান্তিকর।
সংশ্লিষ্ট ব্যক্তিদের এ ধরনের অপপ্রচারে বিভ্রান্ত না হওয়ার জন্য অনুরোধ জানিয়েছে পুলিশ সদরদপ্তর। একইসঙ্গে বলা হয়েছে, পুলিশের পদোন্নতির পুরো প্রক্রিয়ায় মেধা, যোগ্যতা ও দক্ষতাকে গুরুত্ব দেওয়া হবে এবং সিনিয়র-জুনিয়র ব্যাচের ক্রমও বিবেচনায় রাখা হবে।



















