লালবাগের ডিসি হলেন মোস্তাক সরকার, মিরপুরে নাছের রিকাবদার
- আপডেট: ০৬:৪৯:৪০ অপরাহ্ন, সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬
- / ১৮০০৮
নিজস্ব প্রতিবেদক,ঢাকা
ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) মিরপুর বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মো. মোস্তাক সরকারকে লালবাগ বিভাগের ডিসি হিসেবে বদলি করা হয়েছে। তার স্থলাভিষিক্ত হয়েছেন ডিএমপিতে সদ্য বদলিকৃত উপ-পুলিশ কমিশনার হাসান মোহাম্মদ নাছের রিকাবদার।
সোমবার (২১ সেপ্টেম্বর) ডিএমপি কমিশনার মোসলেহ উদ্দিন আহমদ স্বাক্ষরিত এক অফিস আদেশে এ তথ্য জানানো হয়।
হাসান মোহাম্মদ নাছের রিকাবদার ২৭তম বিসিএস (পুলিশ) ব্যাচের কর্মকর্তা। এর আগে বাগেরহাট জেলার পুলিশ সুপার হিসেবে কর্মরত ছিলেন। রবিবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে তাকে ডিএমপিতে বদলি করা হয়।
অন্যদিকে মোস্তাক সরকার ২৮ তম বিসিএস (পুলিশ) ব্যাচের কর্মকর্তা। মিরপুর বিভাগের ডিসি হিসেবে দায়িত্ব নেওয়ার পর আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতিতে তার উল্লেখযোগ্য ভূমিকা রয়েছে। গত ছয় মাসে ডিএমপির ৮টি ক্রাইম বিভাগের মধ্যে টানা শ্রেষ্ঠ ডিসি নির্বাচিত হয়ে রেকর্ড গড়েছেন তিনি।
মিরপুরে বিভাগে দায়িত্ব পালনকালে বেশকিছু আলোচিত ঘটনার আসামী গ্রেফতার ও রহস্য উদঘাটন করতে সক্ষম হন মোস্তাক সরকার। তার নির্দেশনা ও তত্ত্বাবধানে দ্রুততম সময়ে পল্লবীর আলোচিত রামিসা হত্যাকাণ্ডে ঘাতক সোহেল রানাকে গ্রেফতার করে পুলিশ এবং ঘটনার মাত্র ৫ দিনে তদন্ত শেষ করে চার্জশিট দাখিল করতেও সক্ষম হয়।



















