পাঁচ জেলায় আনসার-ভিডিপির উদ্যোগে ২ হাজারের বেশি গাছের চারা রোপণ
- আপডেট: ০৬:০৫:৪৩ অপরাহ্ন, মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬
- / ১৮০০১
নিজস্ব প্রতিবেদক,সোনালী খবর
পরিবেশের ভারসাম্য রক্ষা ও সবুজায়নের লক্ষ্যে কুমিল্লা, বাগেরহাট, নেত্রকোনা, খাগড়াছড়ি ও রাঙামাটিতে বৃক্ষরোপণ ও চারা বিতরণ কর্মসূচি পালন করেছে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী। আজ মঙ্গলবার এসব জেলার বিভিন্ন উপজেলা ও প্রত্যন্ত এলাকায় আনসার-ভিডিপির সদস্যরা ফলজ, বনজ ও ঔষধি গাছের চারা রোপণ করেন।
‘বৃক্ষরোপণে সাজাই দেশ, সবার আগে বাংলাদেশ’ স্লোগানে আয়োজিত এ কর্মসূচিতে স্থানীয় আনসার-ভিডিপির কর্মকর্তা ও সদস্যরা অংশ নেন।
কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলা আনসার ও ভিডিপি কার্যালয়ে জেলা কমান্ড্যান্ট উপপরিচালক মো. আশরাফুল হকের নেতৃত্বে বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত হয়। এতে চৌদ্দগ্রাম উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা শরিফ মাহমুদসহ আনসার-ভিডিপির সদস্যরা অংশ নেন।
রাঙামাটিতে জেলা কমান্ড্যান্ট উপপরিচালক মো. সাদ্দাম হোসেন ও সার্কেল অ্যাডজুট্যান্ট মো. তানজির আজাদের উপস্থিতিতে ফলজ, বনজ ও ঔষধি গাছের চারা রোপণ এবং সদস্যদের মধ্যে চারা বিতরণ করা হয়।
খাগড়াছড়ি জেলার নয়টি উপজেলায় বিভিন্ন প্রজাতির ফলজ, বনজ ও ঔষধি গাছের ৫৪০টি চারা এবং ১০০টি তালের বীজ রোপণ করা হয়েছে। জেলা কমান্ড্যান্ট উপপরিচালক মো. ইব্রাহিম খলিল এ কর্মসূচিতে প্রধান অতিথি ছিলেন।
বাগেরহাটের নয়টি উপজেলায় রোপণ করা হয়েছে ৫০০টি চারা। জেলা কমান্ড্যান্ট উপপরিচালক মো. শরিফুল ইসলাম কর্মসূচিতে প্রধান অতিথি ছিলেন। খাগড়াছড়ি ও বাগেরহাটে মোট ১ হাজার ৪০টি চারা এবং ১০০টি তালের বীজ রোপণ করা হয়।
নেত্রকোনার ১০টি উপজেলার মধ্যে নয়টি উপজেলায় বৃক্ষরোপণ কর্মসূচি পালন করা হয়েছে। জেলা কমান্ড্যান্ট উপপরিচালক মোহাম্মদ জিন্নাতুল ইসলাম এ কর্মসূচির উদ্বোধন করেন।
নেত্রকোনা সদর, মোহনগঞ্জ, আটপাড়া, কলমাকান্দা, মদন, কেন্দুয়া, বারহাট্টা, পূর্বধলা ও দুর্গাপুরে মোট ৫০০টি চারা রোপণ করা হয়। এর মধ্যে ১৭০টি বনজ, ১৪০টি ফলজ ও ১৯০টি ঔষধি গাছের চারা রয়েছে।
কর্মসূচিতে সংশ্লিষ্ট উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তাসহ বিভিন্ন পর্যায়ের সদস্যরা অংশ নেন। জাতীয় বৃক্ষরোপণ কর্মসূচির অংশ হিসেবে দেশের বিভিন্ন এলাকায় আনসার-ভিডিপির উদ্যোগে এ ধরনের কর্মসূচি অব্যাহত রয়েছে।



















