জাওয়াদ নির্ঝরের ফেসবুক পোস্ট: ‘ছবিটি এআই দিয়ে তৈরি’, শেখ হাসিনার জন্মদিনের কেক কাটা প্রসঙ্গে খিলগাঁও থানার ওসি সাইফুল
- আপডেট: ০৭:২২:২৭ অপরাহ্ন, বুধবার, ৭ অক্টোবর ২০২৬
- / ১৮০০২
নিজস্ব প্রতিবেদক,ঢাকা
নেত্রকোনা জেলায় পূর্বধলা থানায় ওসি হিসেবে দায়িত্ব পালনকালে পলাতক সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্মদিন পালন, দলীয় রাজনৈতিক কর্মসূচিতে অংশ নেওয়া এবং বিএনপির নেতা-কর্মীদের হয়রানি ও নির্যাতনে জড়িত থাকার অভিযোগ উঠেছে পুলিশ কর্মকর্তা সাইফুল ইসলামের বিরুদ্ধে। সেই সাইফুল ইসলামকেই এবার ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) খিলগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হিসেবে পদায়ন করা হয়েছে। যা নিয়ে বিভিন্ন মহলে নানা প্রশ্ন উঠেছে।
সম্প্রতি প্রবাসী সাংবাদিক জাওয়াদ নির্ঝরের এক ফেসবুক পোস্টে এসব তথ্য বেরিয়ে এসেছে।
থানার ভিতরে ব্যানার টানিয়ে কেক কেটে শেখ হাসিনার জন্মদিন পালন করতেন ওসি সাইফুল। আওয়ামী লীগের রাজনৈতিক কর্মসূচিতে নিয়মিত অংশ নিতেন, বক্তব্য দিতেন। নেত্রকোনার বহু বিএনপি নেতাকর্মী নির্যাতনে তিনি জড়িত। কয়েকজনের হাত ভেঙ্গে দিয়েছেন নিজেই।
এই ওসির ব্যাপারে তথ্য খুঁজতে গিয়ে সবচেয়ে মর্মান্তিক লেগেছে, রমজান মাসে তারাবি নামাজ পড়ে মসজিদের পাশের চায়ের দোকানে দাঁড়িয়ে থাকা ১৩ বিএনপির নেতাকর্মীকে গ্রেফতার করে। ওই রাতে তাদের বাড়ি থেকে সেহরির খাবার নিয়ে গেলেও ওসি তা খেতে দেয়নি। জুলাই বিপ্লবের সময় আন্দোলন দমনে সক্রিয় থাকায় আন্দোলনের পর ওসি পদ থেকে সরিয়ে দেয়া হয় সাইফুল ইসলামকে।
সেই সাইফুল ইসলামকে এবার খিঁলগাও থানার ওসি হিসেবে পদায়ন দেয়া হয়েছে।
সম্পতি ডিএমপিতে নিয়োগ দেয়া কয়েকজন ওসি সম্পর্কে চাঞ্চল্যকর তথ্য নিয়ে বিস্তারিত থাকবে ভিডিও প্রতিবেদনে আজ বা কাল।
এদিকে এসব বিষয়ে যোগাযোগ করা হলে অভিযোগগুলো অস্বীকার করেন খিলগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ সাইফুল ইসলাম। তিনি বলেন, কেক কাটার ছবিটি এআই দিয়ে তৈরি করা। এছাড়া নিজেকে বিএনপি পরিবারের সন্তান দাবী করে অতীতে ছাত্রদলের রাজনীতির সঙ্গে জড়িত ছিলেন বলেও জানান তিনি।



















