হিজলায় মা ইলিশ ধরায় ১৭ জেলে আটক,জব্দ ৬১ হাজার বর্গমিটার জাল
- আপডেট: ০৩:১৮:৪৭ পূর্বাহ্ন, শনিবার, ১০ অক্টোবর ২০২৬
- / ১৮০০১
নিজস্ব প্রতিবেদক,সোনালী খবর
মা ইলিশ সংরক্ষণ অভিযানের অংশ হিসেবে বরিশালের হিজলায় মেঘনা নদী ও এর শাখা নদীতে অভিযান চালিয়ে নিষিদ্ধ জাল ব্যবহার করে মা ইলিশ শিকারের অভিযোগে ১৭ জনকে আটক করেছে নৌ পুলিশ। এ সময় ৬১ হাজার বর্গমিটার নিষিদ্ধ জাল জব্দ করা হয়েছে। জব্দকৃত জালের আনুমানিক মূল্য ৩ লাখ ৬৬ হাজার টাকা।
গতকাল রাত ১১টা থেকে আজ ভোর ৬টা পর্যন্ত মেঘনা নদীর বিভিন্ন এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। হিজলা নৌ পুলিশ ফাঁড়ির ইনচার্জ মো. ইয়াছিনুল হকের নেতৃত্বে অভিযানে এসআই আশরাফ, এএসআই মনিরসহ সঙ্গীয় ফোর্স অংশ নেয়।
নৌ পুলিশ সূত্রে জানা গেছে, সরকারি নিষেধাজ্ঞা অমান্য করে নিষিদ্ধ বিভিন্ন ধরনের জাল ব্যবহার করে মা ইলিশ ধরার সময় মেঘনা নদী ও এর শাখা নদীর বিভিন্ন স্থান থেকে ১৭ জনকে আটক করা হয়।
আটক ব্যক্তিদের মধ্যে সাতজন অপ্রাপ্তবয়স্ক হওয়ায় তাদের পরিবারের কাছে মুচলেকা নিয়ে হস্তান্তর করা হয়েছে। অপর ১০ জনের বিরুদ্ধে হিজলা থানায় আটটি নিয়মিত মামলা করা হয়েছে। আটক আসামিদের আদালতে পাঠানোর প্রক্রিয়া চলমান রয়েছে।
নৌ পুলিশের পক্ষ থেকে স্থানীয় জেলেসহ রাজনৈতিক দলের নেতৃবৃন্দ ও সর্বস্তরের মানুষের প্রতি সরকারি আইন মেনে মা ইলিশ সংরক্ষণ অভিযান সফল করতে সহযোগিতা করার আহ্বান জানানো হয়েছে।



















