কাতারে দায়িত্ব পালনে গেলেন নৌবাহিনীর ২৪ সদস্য
- আপডেট: ০৬:০৫:১৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৫ নভেম্বর ২০২৬
- / ১৮০০৩
নিজস্ব প্রতিবেদক,ঢাকা
কাতারের কোস্ট অ্যান্ড বর্ডার সিকিউরিটি ডিপার্টমেন্টে (কিউসিবিএসডি) তিন বছর মেয়াদে দায়িত্ব পালনের জন্য বাংলাদেশ নৌবাহিনীর ২৪ সদস্য দেশটির উদ্দেশে ঢাকা ছেড়েছেন।
বৃহস্পতিবার (৫ ডিসেম্বর) ভোরে তারা ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ত্যাগ করেন। আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের (আইএসপিআর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।
আইএসপিআর জানায়, নৌবাহিনীর সদস্যরা কাতারের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অধীন কিউসিবিএসডির আওতায় দেশটির উপকূলীয় ও সমুদ্রসীমার নিরাপত্তা নিশ্চিতকরণ, সামুদ্রিক টহল, অনুসন্ধান ও উদ্ধার কার্যক্রম এবং চোরাচালান প্রতিরোধসহ বিভিন্ন দায়িত্ব পালন করবেন।
এর আগে সহকারী নৌবাহিনী প্রধান (অপারেশন্স) রিয়ার অ্যাডমিরাল গোলাম সাদেক কাতারে দায়িত্ব পালনে নিয়োজিত সদস্যদের প্রয়োজনীয় দিকনির্দেশনা দেন। এসময় তিনি তাদের পেশাদারত্ব, শৃঙ্খলা ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালনের আহ্বান জানান।
আইএসপিআরের সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, ২০১২ সাল থেকে কাতার কোস্ট অ্যান্ড বর্ডার সিকিউরিটি ডিপার্টমেন্টে দায়িত্ব পালনের জন্য নিয়মিত সদস্য পাঠিয়ে আসছে বাংলাদেশ নৌবাহিনী। দায়িত্ব পালনে দক্ষতা, পেশাদারত্ব ও কর্মনিষ্ঠার মাধ্যমে তারা কাতারের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের আস্থা ও প্রশংসা অর্জন করেছেন।
নতুন করে নিয়োগ পাওয়া ২৪ সদস্যের দায়িত্ব পালনের মধ্য দিয়ে বাংলাদেশ ও কাতারের মধ্যে প্রতিরক্ষা ও নিরাপত্তা সহযোগিতা আরও জোরদার হবে। পাশাপাশি দুই দেশের মধ্যে পেশাগত জ্ঞান ও অভিজ্ঞতা বিনিময়ের সুযোগ তৈরি হবে।
কাতারে দায়িত্ব পালনের মাধ্যমে আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশ নৌবাহিনীর পেশাদারত্ব ও দেশের ভাবমূর্তি উজ্জ্বল করার পাশাপাশি জাতীয় রেমিট্যান্স প্রবাহেও সদস্যরা অবদান রাখবেন বলে জানিয়েছে আইএসপিআর।



















