মোংলা বন্দরে ৪,০৬৮ কোটি টাকার প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন প্রধানমন্ত্রী
- আপডেট: ০৭:০২:৪২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৫ নভেম্বর ২০২৬
- / ১৮০০৩
মোংলা বন্দরে দুটি কনটেইনার জেটি নির্মাণ ও আনুষঙ্গিক অবকাঠামো উন্নয়ন প্রকল্প উদ্ভোধন করেন প্রধান মন্ত্রী
মো. মোসলেহ উদ্দিন, স্টাফ রিপোর্টারঃ মোংলা বন্দরে দুটি কনটেইনার জেটি নির্মাণ ও আনুষঙ্গিক অবকাঠামো উন্নয়নে ৪ হাজার ৬৮ কোটি টাকার প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বৃহস্পতিবার বেলা ১১টা ১৫ মিনিটে তিনি এ প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন। বন্দরের পণ্য হ্যান্ডলিং সক্ষমতা বাড়াতে প্রকল্পের আওতায় কনটেইনার টার্মিনাল ও ইয়ার্ডসহ প্রয়োজনীয় অবকাঠামো গড়ে তোলা হবে।
অনুষ্ঠানে প্রধানমন্ত্রী বলেন, মোংলা বন্দরের সক্ষমতা বাড়ানো গেলে খুলনা, বাগেরহাট, সাতক্ষীরা ও যশোরসহ দক্ষিণ-পশ্চিমাঞ্চলে শিল্প ও বাণিজ্য সম্প্রসারণের সুযোগ তৈরি হবে। তিনি খানজাহান আলী বিমানবন্দরের উন্নয়ন কার্যক্রম চালুকে সরকারের অগ্রাধিকার হিসেবে উল্লেখ করেন। মোংলা ও আশপাশের শিল্পাঞ্চলে গ্যাস সরবরাহ নিশ্চিত করতে কাজ শুরু হয়েছে বলেও জানান তিনি।
প্রধানমন্ত্রী বলেন, পণ্য পরিবহনে সময় ও ব্যয় কতটা কমল, বিনিয়োগ ও কর্মসংস্থান কতটা বাড়ল এবং পরিবেশ কতটা সুরক্ষিত থাকল, তার ওপর প্রকল্পের সাফল্য নির্ভর করবে। এ জন্য তিনি বন্দরের নাব্যতা রক্ষা, দূষণ নিয়ন্ত্রণ ও জাহাজের বর্জ্য নিরাপদে ব্যবস্থাপনার ওপর গুরুত্ব দেন।
এর আগে সকাল ৯টা ৫০ মিনিটের দিকে হেলিকপ্টারে মোংলা বন্দরে পৌঁছান প্রধানমন্ত্রী। তাঁর উপস্থিতিতে অবকাঠামো ও শিল্প খাতে বিনিয়োগ সহযোগিতা বাড়াতে ইনভেস্ট বাংলাদেশ ও চীনের রাষ্ট্রায়ত্ত চায়না রেলওয়ে কনস্ট্রাকশন করপোরেশনের (সিআরসিসি) মধ্যে একটি সমঝোতা স্মারক সই হয়।


















