প্রতিকূল আবহাওয়ায় সেন্টমার্টিনে আটকে পড়া পর্যটকদের সরিয়ে নিচ্ছে কোস্ট গার্ড
- আপডেট: ০৮:২৫:২২ অপরাহ্ন, শনিবার, ২১ নভেম্বর ২০২৬
- / ১৮০০৮
নিজস্ব প্রতিবেদক,সোনালী খবর
প্রতিকূল আবহাওয়ার কারণে তিন দিন ধরে বন্ধ রয়েছে কক্সবাজার-সেন্টমার্টিন নৌপথে পর্যটকবাহী জাহাজ চলাচল। এ অবস্থায় সেন্টমার্টিন দ্বীপে আটকে পড়া পর্যটক ও স্থানীয় বাসিন্দাদের নিরাপদে সরিয়ে নিচ্ছে বাংলাদেশ কোস্ট গার্ড।
শনিবার (২১ নভেম্বর) সন্ধ্যায় কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সুমন আল মুকিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান।
তিনি বলেন, প্রতিকূল আবহাওয়ার কারণে গত তিন দিন ধরে কক্সবাজার-সেন্টমার্টিন নৌপথে পর্যটকবাহী জাহাজ চলাচল বন্ধ রয়েছে। জরুরি প্রয়োজনে দ্বীপে অবস্থানরত পর্যটক ও স্থানীয় বাসিন্দাদের যাতায়াতের সুবিধার্থে শনিবার সারা দিন কাঠের বোট চলাচলের অনুমতি দেন টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকর্তা।
এরপর কোস্ট গার্ডের তত্ত্বাবধানে নিরাপত্তাব্যবস্থা নিশ্চিত করে কাঠের ট্রলারে যাত্রী পরিবহন শুরু হয়। প্রতিটি ট্রলারে ধারণক্ষমতার অর্ধেক যাত্রী নেওয়া হচ্ছে। পাশাপাশি যাত্রীদের লাইফ জ্যাকেট পরানোসহ প্রয়োজনীয় নিরাপত্তাব্যবস্থা নিশ্চিত করা হচ্ছে।
ট্রলারগুলো সেন্টমার্টিন দ্বীপ থেকে শাহপরীর দ্বীপের উদ্দেশে ছেড়ে যাচ্ছে। এসব ট্রলারের মাধ্যমে পর্যটক ও স্থানীয় বাসিন্দাদের নিরাপদে গন্তব্যে পৌঁছে দেওয়া হচ্ছে।
লেফটেন্যান্ট কমান্ডার সুমন আল মুকিত বলেন, দেশ ও জনগণের সেবায় কোস্ট গার্ড সব সময় নিয়োজিত রয়েছে। ভবিষ্যতেও এ কার্যক্রম অব্যাহত থাকবে।



















