আহ্ছানিয়া হেনা আহমেদ মনোযত্ন কেন্দ্রে সুরক্ষা নীতিমালা বিষয়ক ওরিয়েন্টেশন
- আপডেট: ০৫:৩৩:৩৪ অপরাহ্ন, রবিবার, ২২ নভেম্বর ২০২৬
- / ১৮০০৩
নিজস্ব প্রতিবেদক,ঢাকা
কর্মক্ষেত্রে যৌন হয়রানি,শোষণ ও নির্যাতন প্রতিরোধ এবং শিশুদের নিরাপত্তা ও অধিকার সুরক্ষায় কর্মীদের সচেতনতা ও দায়িত্বশীলতা বাড়াতে ঢাকা আহ্ছানিয়া মিশনের আহ্ছানিয়া হেনা আহমেদ মনোযত্ন কেন্দ্রে যৌন হয়রানি,শোষণ ও নির্যাতন প্রতিরোধ এবং শিশু সুরক্ষা নীতিমালা বিষয়ক এক ওরিয়েন্টেশন অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (২২ নভেম্বর) সকালে ঢাকা আহ্ছানিয়া মিশনের স্বাস্থ্য ও পুষ্টি সেক্টরের আওতাধীন আহ্ছানিয়া হেনা আহমেদ মনোযত্ন কেন্দ্রের উদ্যোগে কেন্দ্র ও হেনা আহমেদ হাসপাতালে কর্মরত নতুন ও পুরাতন কর্মীদের অংশগ্রহণে এ ওরিয়েন্টেশন অনুষ্ঠিত হয়।
ঢাকা আহ্ছানিয়া মিশন তার প্রাতিষ্ঠানিক নীতি, লক্ষ্য, উদ্দেশ্য ও মূল্যবোধের আলোকে কর্মীদের পেশাগত দক্ষতা, সচেতনতা এবং সেবার মান উন্নয়নে নিয়মিত প্রশিক্ষণ ও কর্মশালার আয়োজন করে থাকে। এরই ধারাবাহিকতায় এ ওরিয়েন্টেশনের আয়োজন করা হয়।
সেশনে যৌন হয়রানি, শোষণ ও নির্যাতন প্রতিরোধ নীতিমালা (পিএসএইচইএ) এবং শিশু সুরক্ষা নীতিমালার বিভিন্ন দিক নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। পাশাপাশি অভিযোগ জানানোর পদ্ধতি, রিপোর্টিং প্রটোকল, অভিযোগ গ্রহণ ও নিষ্পত্তির প্রক্রিয়া সম্পর্কে অংশগ্রহণকারীদের ধারণা দেওয়া হয়।
এ সময় কর্মক্ষেত্রে যৌন হয়রানি, শোষণ ও নির্যাতন প্রতিরোধের পাশাপাশি শিশুদের নিরাপত্তা ও সুরক্ষা নিশ্চিত করতে প্রত্যেক কর্মীর দায়িত্ব, কর্তব্য ও করণীয় তুলে ধরা হয়। একটি নিরাপদ, সম্মানজনক ও শিশু-বান্ধব পরিবেশ গড়ে তুলতে প্রতিষ্ঠানের প্রত্যেক সদস্যকে সচেতন ও দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানানো হয়।
ওরিয়েন্টেশনটি পরিচালনা করেন ঢাকা আহ্ছানিয়া মিশনের স্বাস্থ্য ও পুষ্টি সেক্টরের সুরক্ষা কমিটির ফোকাল ও প্রকল্প ব্যবস্থাপক মাহফিদা দীনা রুবাইয়া এবং কো-ফোকাল ও জ্যেষ্ঠ মানবসম্পদ কর্মকর্তা সাম্মিয়া সাকিন।
ওরিয়েন্টেশনে মোট ২৬ জন সহকর্মী অংশগ্রহণ করেন। আয়োজকরা মনে করেন, এ ধরনের প্রশিক্ষণের মাধ্যমে কর্মীদের মধ্যে সুরক্ষা নীতিমালা সম্পর্কে সচেতনতা বৃদ্ধি পাবে, দায়িত্বশীল আচরণ নিশ্চিত হবে এবং প্রতিষ্ঠানে নিরাপদ ও সম্মানজনক কর্মপরিবেশ বজায় রাখা আরও সহজ হবে।



















