নোয়াখালীতে পুলিশ কনস্টেবল নিয়োগের প্রথম দিনের পরীক্ষা সম্পন্ন
- আপডেট: ০৫:০৮:৪৪ অপরাহ্ন, রবিবার, ২২ নভেম্বর ২০২৬
- / ১৮০০৪
নিজস্ব প্রতিবেদক,সোনালী খবর
নোয়াখালীতে বাংলাদেশ পুলিশের ট্রেইনি রিক্রুট কনস্টেবল (টিআরসি) পদে নিয়োগ কার্যক্রমের প্রথম দিনের পরীক্ষা সম্পন্ন হয়েছে। রবিবার (২২ নভেম্বর) নোয়াখালী পুলিশ লাইন্সে প্রাথমিকভাবে বাছাই করা প্রার্থীদের শারীরিক সক্ষমতা যাচাই পরীক্ষার (পিইটি) অংশ হিসেবে শারীরিক মাপ ও কাগজপত্র যাচাই করা হয়।
নিয়োগ বোর্ডের সভাপতি হিসেবে উপস্থিত থেকে পুরো কার্যক্রম তদারকি করেন নোয়াখালীর পুলিশ সুপার এন এম নাসিরুদ্দিন। পরীক্ষা শেষে প্রার্থীদের উদ্দেশে তিনি দিকনির্দেশনামূলক বক্তব্য দেন।
এ সময় পুলিশ সুপার প্রার্থীদের কোনো ধরনের আর্থিক লেনদেন, দালাল চক্রের প্রলোভন কিংবা অসাধু তৎপরতার সঙ্গে যুক্ত না হওয়ার আহ্বান জানান। তিনি বলেন, মেধা, যোগ্যতা ও স্বচ্ছতার ভিত্তিতেই নিয়োগ কার্যক্রম সম্পন্ন করা হবে।
নোয়াখালী জেলা পুলিশ জানিয়েছে, একটি মেধাভিত্তিক, স্বচ্ছ, নিরপেক্ষ ও দুর্নীতিমুক্ত নিয়োগ প্রক্রিয়া নিশ্চিত করতে তারা প্রতিশ্রুতিবদ্ধ। এ জন্য নিয়োগ কার্যক্রমে প্রার্থীদের শৃঙ্খলা ও ইতিবাচক সহযোগিতা কামনা করেছে জেলা পুলিশ।
নিয়োগ কার্যক্রমে আরও উপস্থিত ছিলেন সিআইডি ঢাকার বিশেষ পুলিশ সুপার মুহাম্মদ মিনহাজুল ইসলাম, নোয়াখালীর অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) আবু তৈয়ব মো. আরিফ হোসেন, লক্ষ্মীপুরের অতিরিক্ত পুলিশ সুপার হোসাইন মোহাম্মদ রায়হান কাজেমী, নোয়াখালীর অতিরিক্ত পুলিশ সুপার আহমেদ পেয়ার, কুমিল্লার মুরাদনগর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার এ কে এম কামরুজ্জামান এবং পুলিশ সদর দপ্তরের অতিরিক্ত পুলিশ সুপার সজিব ত্রিপুরা।
এ ছাড়া নিয়োগ বোর্ডের অন্যান্য সদস্য, পুলিশ সদর দপ্তরের মনোনীত প্রতিনিধি, নোয়াখালী জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তা ও মেডিকেল বোর্ডের সদস্যরা উপস্থিত ছিলেন।



















