সীমান্তে টহল ও গোয়েন্দা নজরদারি জোরদারে বিজিবি মহাপরিচালকের নির্দেশ
- আপডেট: ০৫:৩৬:২২ অপরাহ্ন, রবিবার, ২২ নভেম্বর ২০২৬
- / ১৮০০৩
নিজস্ব প্রতিবেদক,সোনালী খবর
সীমান্তের সার্বিক নিরাপত্তা পরিস্থিতি পর্যবেক্ষণ, সুরক্ষা ব্যবস্থা জোরদার এবং আন্তঃসীমান্ত অপরাধ দমনে চলমান কার্যক্রম দেখতে কুমিল্লা, ফেনী ও ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া সীমান্ত এলাকা পরিদর্শন করেছেন বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) মহাপরিচালক মেজর জেনারেল মোহাম্মদ আশরাফুজ্জামান সিদ্দিকী।
রবিবার (২২ নভেম্বর) সকালে তিনি এসব সীমান্ত এলাকা পরিদর্শন করেন।
পরিদর্শনের অংশ হিসেবে প্রথমে বিজিবি মহাপরিচালক কুমিল্লা সেক্টর সদর দপ্তরে যান। সেখানে কুমিল্লা সীমান্তের সার্বিক নিরাপত্তা পরিস্থিতি, নজরদারি কার্যক্রম ও অপারেশনাল কর্মকাণ্ড সম্পর্কে খোঁজখবর নেন।
পরে তিনি ফেনী ব্যাটালিয়ন (৪ বিজিবি)-এর দায়িত্বপূর্ণ পরশুরাম সীমান্ত এলাকা পরিদর্শন করেন। এ সময় বিলোনিয়া আন্তর্জাতিক চেকপোস্ট (আইসিপি) ও মজুমদারহাট বর্ডার আউটপোস্ট (বিওপি) ঘুরে দেখেন। সীমান্তের গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোর নিরাপত্তা ব্যবস্থা, টহল কার্যক্রম ও সার্বিক পরিস্থিতি পর্যবেক্ষণ করেন তিনি।
এরপর বিজিবি মহাপরিচালক সুলতানপুর ব্যাটালিয়ন (৬০ বিজিবি)-এর অধীন আখাউড়া আন্তর্জাতিক চেকপোস্ট (আইসিপি) ও আখাউড়া বর্ডার আউটপোস্ট (বিওপি) পরিদর্শন করেন।
এ সময় সীমান্তে সার্বক্ষণিক নজরদারি ও টহল কার্যক্রম জোরদারের নির্দেশ দেন তিনি। পাশাপাশি অবৈধ অনুপ্রবেশ ও অন্যান্য আন্তঃসীমান্ত অপরাধ প্রতিরোধে সর্বোচ্চ সতর্কতা অবলম্বন এবং সীমান্তের স্পর্শকাতর এলাকাগুলোতে বিশেষ নজরদারি বজায় রাখার ওপর গুরুত্বারোপ করেন।
পরিদর্শনকালে দায়িত্ব পালনরত বিভিন্ন পর্যায়ের বিজিবি সদস্যদের সঙ্গে মতবিনিময় করেন মহাপরিচালক। সীমান্তের সার্বিক নিরাপত্তা নিশ্চিত করা, সীমান্ত অপরাধ প্রতিরোধ, গোয়েন্দা নজরদারি বৃদ্ধি এবং পুশ ইন প্রতিরোধে কার্যকর ব্যবস্থা গ্রহণের বিষয়ে প্রয়োজনীয় নির্দেশনা দেন তিনি।
এ ছাড়া বিতর্কিত ব্যক্তিদের প্রবেশ রোধ এবং যেকোনো উদ্ভূত পরিস্থিতি মোকাবিলায় সর্বোচ্চ প্রস্তুতি রাখার জন্য সংশ্লিষ্ট কর্মকর্তাদের নির্দেশনা দেন বিজিবি মহাপরিচালক।
পরিদর্শনকালে বিজিবি সদর দপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তারা, সরাইল রিজিয়ন কমান্ডার, কুমিল্লা সেক্টর কমান্ডার এবং সংশ্লিষ্ট ব্যাটালিয়নগুলোর অধিনায়করা উপস্থিত ছিলেন।



















