১৭ দফা দাবিতে বাংলাদেশ নদী বাঁচাও আন্দোলন ফরিদপুর জেলা কমিটির স্মারকলিপি প্রদান।
- আপডেট: ০৬:২৪:৩৫ অপরাহ্ন, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬
- / ১৮০০৪
ফরিদপুর প্রতিনিধি:
নদী দখল,দূষণ, অবৈধ বালু উত্তোলন বন্ধসহ নদী রক্ষায় ১৭ দফা দাবি বাস্তবায়নের আহ্বান জানিয়ে ফরিদপুর জেলা প্রশাসকের মাধ্যমে প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি প্রদান করেছে বাংলাদেশ নদী বাঁচাও আন্দোলন ফরিদপুর জেলা কমিটি।
সোমবার (২৩ নভেম্বর) দুপুর ১টার দিকে এ স্মারকলিপি প্রদান করা হয়। এ সময় বাংলাদেশ নদী বাঁচাও আন্দোলনের ফরিদপুর জেলা শাখার সাধারণ সম্পাদক, এম এ মুঈদ হোসেন ( আরিফ) সহ সংগঠনের অন্যান্য নেতাকর্মী ও সদস্যরা উপস্থিত ছিলেন।
স্মারকলিপিতে পরিবেশ রক্ষায় সরকারের গৃহীত বিভিন্ন পদক্ষেপের প্রতি কৃতজ্ঞতা প্রকাশের পাশাপাশি নদী রক্ষায় কার্যকর উদ্যোগ গ্রহণ ও জনদাবি বাস্তবায়নের আহ্বান জানানো হয়।
স্মারকলিপিতে উল্লেখ করা হয়, সাম্প্রতিক সময়ে বিশ্ব জলবায়ু সম্মেলনে বাংলাদেশের পরিবেশ রক্ষার পক্ষে বলিষ্ঠ অবস্থান এবং দেশব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচিসহ পরিবেশ সংরক্ষণে সরকারের বিভিন্ন উদ্যোগ আশাব্যঞ্জক। তবে মাঠপর্যায়ে এখনো নদী ও পরিবেশের পরিস্থিতি উদ্বেগজনক। বর্ষা মৌসুমে ভয়াবহ বন্যা, শুষ্ক মৌসুমে পানির সংকট, উজান থেকে অসময়ে পানি ছেড়ে দেওয়া, নদী দখল, অবৈধ বালু উত্তোলন, শিল্পবর্জ্য ও প্লাস্টিক দূষণ, নদীভাঙন এবং মৎস্যসম্পদ ধ্বংসের মতো সমস্যা অব্যাহত রয়েছে। ফরিদপুরের কুমার নদী এর অন্যতম উদাহরণ।
সংগঠনটির ১৭ দফা দাবির মধ্যে রয়েছে—নদীসংশ্লিষ্ট প্রকল্প গ্রহণের ক্ষেত্রে সংশ্লিষ্ট সরকারি দপ্তর, বিশেষজ্ঞ ও নদী বাঁচাও আন্দোলনের প্রতিনিধিদের সমন্বয়ে কমিটি গঠন এবং তাদের মতামত বাধ্যতামূলক করা; শিল্পকারখানায় ২৪ ঘণ্টা ইটিপি চালু রাখা; নদীর অবৈধ দখল উচ্ছেদে জেলা পর্যায়ে স্থায়ী সার্ভে কমিটি গঠন; পরিকল্পিতভাবে নদী খনন ও ড্রেজিং; বিলুপ্ত নদী, খাল, পুকুর ও দীঘি পুনঃখনন এবং অবৈধ বালু-পাথর উত্তোলন বন্ধ করা।
এ ছাড়া নদীভাঙন রোধে কার্যকর ব্যবস্থা গ্রহণ, নদীবন্দর পুনর্গঠন, অপরিকল্পিত ব্রিজ ও কালভার্ট অপসারণ, নদীর তীরে দেশীয় জলজ ও শ্বাসমূলীয় বৃক্ষরোপণ, মৎস্য ও জলজ প্রাণীর অভয়াশ্রম গড়ে তোলা এবং শুষ্ক মৌসুমে পানির ন্যায্য হিস্যা নিশ্চিত করতে আঞ্চলিক নদী কমিশন গঠনের দাবি জানানো হয়।
স্মারকলিপিতে আরও বলা হয়, অভিন্ন নদীর পানির ন্যায্য হিস্যা নিশ্চিত করতে জাতিসংঘের ১৯৯৭ সালের পানি প্রবাহ কনভেনশনে বাংলাদেশের অনুসমর্থন এবং যৌথ নদী কমিশনের কূটনৈতিক তৎপরতা জোরদার করতে হবে। পাশাপাশি দূষিত নদীগুলোতে পানি পুনর্ব্যবহার ব্যবস্থা চালু, পাঠ্যপুস্তকে নদী রক্ষার বিষয় অন্তর্ভুক্ত, প্রজনন মৌসুমে জেলেদের বিকল্প কর্মসংস্থান ও আর্থিক প্রণোদনা প্রদান, বন্যাকবলিত এলাকায় আগাম সতর্কীকরণ ব্যবস্থা এবং নদীতে প্লাস্টিক, পলিথিন ও গৃহবর্জ্য ফেলা বন্ধে কঠোর আইনগত ব্যবস্থা গ্রহণের আহ্বান জানানো হয়।
স্মারকলিপির শেষাংশে বলা হয়, ১৭ দফা দাবি বাস্তবায়ন করা হলে দেশের নদ-নদী, জলজ পরিবেশ ও মৎস্যসম্পদ রক্ষায় ইতিবাচক পরিবর্তন আসবে। একই সঙ্গে নদীগুলো আবার প্রাণ ফিরে পাবে এবং পরিবেশ সংরক্ষণে সরকারের অঙ্গীকার আরও কার্যকর হবে।
এ সময় সংগঠনের পক্ষ থেকে স্মারকলিপিটি গ্রহণ করে সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও দপ্তরগুলোকে প্রয়োজনীয় নির্দেশনা প্রদানের জন্য প্রধানমন্ত্রীর প্রতি বিশেষ অনুরোধ জানানো হয়।



















