কাফরুলে বিদেশি আগ্নেয়াস্ত্রসহ একজন গ্রেফতার, গোলাবারুদ উদ্ধার
- আপডেট: ০২:৩৪:৪২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৮ জানুয়ারী ২০২৬
- / ১৮০৪১
নিজস্ব প্রতিবেদক,ঢাকা
আগামী জাতীয় নির্বাচনকে সামনে রেখে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে অবৈধ অস্ত্র উদ্ধার ও শীর্ষ সন্ত্রাসীদের গ্রেফতারে দেশব্যাপী সাঁড়াশি অভিযান চালাচ্ছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)। এরই ধারাবাহিকতায় রাজধানীর কাফরুল এলাকা থেকে বিদেশি আগ্নেয়াস্ত্রসহ একজন অস্ত্রধারীকে গ্রেফতার করেছে র্যাব-৪।
বৃহস্পতিবার (০৮ জানুয়ারি) র্যাব-৪ এর অতিরিক্ত পুলিশ সুপার কে এন রায় নিয়তি এসব তথ্য জানান।
তিনি বলেন,গত ৭ জানুয়ারি রাতে র্যাব-৪ এর একটি আভিযানিক দল গোপন গোয়েন্দা তথ্যের ভিত্তিতে ঢাকা মহানগরীর কাফরুল থানাধীন সেনপাড়া এলাকার একটি বাসায় অভিযান পরিচালনা করে। এ সময় অবৈধ অস্ত্রসহ মো. মাহমুদুর রহমান খান ওরফে সনি নামের এক ব্যক্তিকে গ্রেফতার করা হয়।
গোয়েন্দা তথ্য অনুযায়ী,সেনপাড়া এলাকার ওই বাসায় অবৈধ দেশি ও বিদেশি আগ্নেয়াস্ত্র মজুত রয়েছে-এমন সংবাদের ভিত্তিতে র্যাব সদস্যরা সেখানে অভিযান চালায়। পরে ব্যাপক জিজ্ঞাসাবাদে তিনি তার কাছে অবৈধ অস্ত্র থাকার কথা স্বীকার করেন।
আসামির দেওয়া তথ্য অনুযায়ী বাসায় তল্লাশি চালিয়ে একটি বিদেশি পিস্তল,৬ রাউন্ড তাজা গুলি,১ রাউন্ড গুলির খোসা এবং ১টি দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে র্যাব জানতে পারে,উদ্ধারকৃত এসব অবৈধ অস্ত্র দিয়ে গ্রেফতারকৃত সনি রাজধানীর মিরপুর, কাফরুল,দারুসসালামসহ আশপাশের এলাকায় বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ড পরিচালনা করতেন। পাশাপাশি তিনি পেশাদার অপরাধীদের কাছে ভাড়ায় অস্ত্র সরবরাহ করতেন, যা দিয়ে খুন,চাঁদাবাজি,ভয়ভীতি প্রদর্শনসহ বিভিন্ন সন্ত্রাসী কর্মকাণ্ড সংঘটিত হতো।
র্যাব আরও জানায়,গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত থাকার প্রাথমিক তথ্য পাওয়া গেছে।
গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য তাকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।

















