র্যাবের নতুন নাম এসআইএফ
- আপডেট: ০১:৫৭:০৫ অপরাহ্ন, মঙ্গলবার, ৩ ফেব্রুয়ারী ২০২৬
- / ১৮০০৯
নিজস্ব প্রতিবেদক,ঢাকা
র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব) বা র্যাবের নাম পরিবর্তন করেছে সরকার। নতুন নাম রাখা হয়েছে স্পেশাল ইন্টারভেনশন ফোর্স বা এসআইএফ।
মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) সচিবালয়ে আইনশৃঙ্খলা সংক্রান্ত কোর কমিটির সভা শেষে এই সিদ্ধান্তের কথা জানান স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব) জাহাঙ্গীর আলম চৌধুরী।
নাম পরিবর্তনের বিষয়ে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেছেন, নামটির প্রতি মানুষের খারাপ ধারণা ছিল, মানুষের ইচ্ছেই ছিল এই নামটির পরিবর্তন হোক। মানুষের ইচ্ছে পূরণ করতেই র্যাবের নামের পরিবর্তন হয়েছে।
তিনি আরও বলেন, ৫ আগস্টের পর থেকেই র্যাবের কার্যক্রমে অনেক পরিবর্তন হয়েছে। র্যাবের নামের পরিবর্তনের সাথে কাজেরও পরিবর্তন আসবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা।
তিনি আরও বলেন, ৫ আগস্টের পর পুলিশের মনোবল অনেক ভালোভাবে ফিরে এসেছে। আগের পুলিশ এখন আর নেই।
নির্বাচন নিয়ে জাহাঙ্গীর আলম বলেন, এবারের নির্বাচন খুবই সুষ্ঠু, উৎসবমুখর, নিরপেক্ষ এবং গ্রহণযোগ্য হবে। নির্বাচনে মব হবে না বলে আশা করছি। সেভাবেই সব ধরনের চেষ্টা করছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়।
















