দেশ থেকে দুর্নীতি ও লুটপাট দূর করব”—বাউফলে জামায়াত আমির ড. শফিকুর রহমান
- আপডেট: ০৬:২২:৫৭ অপরাহ্ন, শুক্রবার, ৬ ফেব্রুয়ারী ২০২৬
- / ১৮০০৩
আল রাফি পটুয়াখালী বাউফল প্রতিনিধি
পটুয়াখালীর বাউফলে ১১ দলীয় জোটের আয়োজনে অনুষ্ঠিত এক নির্বাচনী সমাবেশে বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, “আমার কোনো নির্দিষ্ট ঠিকানা নেই, সমগ্র বাংলাদেশই আমার ঠিকানা। সরকার গঠন করতে পারলে উন্নয়ন পৌঁছে যাবে মানুষের ঘরে ঘরে।”
শুক্রবার বাউফল পাবলিক মাঠে দাঁড়িপাল্লা প্রতীকের সমর্থনে আয়োজিত এই সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
ডা. শফিকুর রহমান বলেন, “আগামী ১৩ ফেব্রুয়ারি বাংলাদেশে একটি নতুন সূর্য উদিত হবে। সেই আলোয় যদি আমরা আলোকিত হতে পারি, তাহলে আপনাদের আমাদের কাছে কিছু চাইতে হবে না—আমরাই আপনাদের চাহিদা পূরণ করে দেব।”
তিনি আরও বলেন, “দাঁড়িপাল্লা প্রতীক ন্যায় ও ইনসাফের প্রতীক। এই প্রতীকে ভোট দিলে দেশে ঘুষ, দুর্নীতি, চাঁদাবাজি ও লুটপাট থাকবে না। মা-বোনেরা সম্মান ও নিরাপত্তার সঙ্গে বসবাস করতে পারবেন।”
আগের সরকারগুলোর সমালোচনা করে তিনি বলেন, “এই দেশের যারা আগে ক্ষমতায় ছিলেন, তারা দেশের হাজার হাজার কোটি টাকা বিদেশে পাচার করেছেন। আমরা জনগণের সমর্থনে সরকার গঠন করতে পারলে পাচার হওয়া অর্থ ফিরিয়ে এনে দেশের উন্নয়নে ব্যয় করব।”
আসন্ন নির্বাচনের বিষয়ে তিনি বলেন, “আগামী ১২ ফেব্রুয়ারি দুটি ব্যালটে ভোট হবে—একটি ‘হ্যাঁ’ ভোট এবং অন্যটি প্রতীকের ভোট। ‘হ্যাঁ’ ভোট দিলে জাতি মুক্তি পাবে, আর ‘না’ ভোট দিলে দাসত্বে পরিণত হবে। তাই দেশকে পরাধীনতা থেকে মুক্ত করতে হ্যাঁ ভোট দিন এবং দাঁড়িপাল্লাসহ জোটের প্রতীকে ভোট দিয়ে নতুন বাংলাদেশের সূচনা করুন।”
দুর্নীতির বিরুদ্ধে কঠোর অবস্থানের কথা জানিয়ে জামায়াত আমির বলেন, “আমাদের সরকার হলে কোনো দুর্নীতিবাজের জায়গা হবে না। কেউ দুর্নীতি করলে তাকে কঠোরভাবে জবাবদিহির আওতায় আনা হবে।”
সমাবেশে বাউফল আসনের দাঁড়িপাল্লা প্রতীকের প্রার্থী ড. শফিকুল ইসলাম মাসুদ বলেন, “আমি সবসময় জনগণের পাশে ছিলাম এবং থাকব ইনশাআল্লাহ। আগামী ১২ ফেব্রুয়ারি দাঁড়িপাল্লা প্রতীকে ভোট দিলে বাউফলকে একটি মডেল উপজেলায় রূপান্তর করব।
তিনি বলেন, “নদীভাঙন এ এলাকার প্রধান সমস্যা। নির্বাচিত হলে টেকসই বেড়িবাঁধ নির্মাণ, শিক্ষা ও ধর্মীয় প্রতিষ্ঠানের উন্নয়ন, কৃষি আধুনিকায়ন এবং ইউনিয়নভিত্তিক উন্নয়ন পরিকল্পনা বাস্তবায়ন করা হবে। পাশাপাশি মা-বোনদের জন্য সুরক্ষা সেল গঠন এবং বাউফল হাসপাতালকে ২৫০ শয্যায় উন্নীত করা হবে।”
বাউফল উপজেলা জামায়াতের আমির মাওলানা ইসহাক মিয়ার সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে ঢাবির সাবেক ভিপি সাদিক কায়েমসহ কেন্দ্র, জেলা ও উপজেলা পর্যায়ের নেতারা বক্তব্য দেন।
এ সময় পটুয়াখালীর চারটি আসন ও বরগুনার একটি আসনের প্রার্থীদের হাতে প্রতীক তুলে দিয়ে পরিচয় করিয়ে দেন জামায়াত আমির।
সমাবেশে বিপুল সংখ্যক মানুষের উপস্থিতিতে মাঠ কানায় কানায় পূর্ণ হয়ে যায়। অনেককে ভবনের বারান্দা ও ছাদে অবস্থান নিতে দেখা যায়।





















