ভোটকেন্দ্রে কড়া নিরাপত্তা,ড্রোনে নজরদারি করবে র্যাব
- আপডেট: ১১:৩৩:৩২ অপরাহ্ন, মঙ্গলবার, ১০ ফেব্রুয়ারী ২০২৬
- / ১৮০০১
নিজস্ব প্রতিবেদক,ঢাকা
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট সুষ্ঠু, শান্তিপূর্ণ ও গ্রহণযোগ্য করতে কঠোর নিরাপত্তা ব্যবস্থায় মাঠে থাকবে র্যাব। নির্বাচনের দিন ড্রোনের মাধ্যমে ভোটকেন্দ্র ও আশপাশের পরিস্থিতি নজরদারিতে রাখা হবে বলে জানিয়েছে র্যাব।
মঙ্গলবার(১০ ফেব্রুয়ারি) রাতে রাজধানীর উত্তরার ৭ নম্বর সেক্টরে অবস্থিত উত্তরা হাই স্কুল অ্যান্ড কলেজের একটি ভোটকেন্দ্র পরিদর্শন শেষে র্যাব–১ এর সিপিসি ২ কোম্পানি কমান্ডার রাশেদুল ইসলাম এসব তথ্য জানান।
তিনি বলেন, ঢাকা–১৮ আসনের ভোটকেন্দ্রগুলোতে সার্বিক পর্যবেক্ষণ, তদারকি ও নিরাপত্তা নিশ্চিত করতে তিনটি ড্রোন ব্যবহার করা হবে। ড্রোনের মাধ্যমে ভোটকেন্দ্র ও আশপাশের পরিস্থিতি সার্বক্ষণিক পর্যবেক্ষণ করা হবে, যাতে কোনো ধরনের বিশৃঙ্খলা সৃষ্টি হলে দ্রুত ব্যবস্থা নেওয়া যায়।
তিনি আরও জানান, নির্বাচনের দিন আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে মোবাইল পেট্রোল ও রোভার পেট্রোল মাঠে থাকবে। পাশাপাশি জরুরি পরিস্থিতি মোকাবিলায় হেলিকপ্টারের মাধ্যমে নিরাপত্তা কার্যক্রম পরিচালনার প্রস্তুতিও রাখা হয়েছে।
এ ছাড়া ভোটের দিন সাদা পোশাকে র্যাব–১ এর সদস্যরা দায়িত্ব পালন করবেন বলে জানান তিনি।
র্যাব–১ এর পক্ষ থেকে জানানো হয়, যেকোনো ধরনের বিশৃঙ্খলা বা নাশকতা প্রতিরোধে বাহিনী সর্বোচ্চ সতর্ক অবস্থানে থাকবে এবং পরিস্থিতি মোকাবিলায় প্রয়োজনীয় সব ধরনের ব্যবস্থা নেওয়া হয়েছে।


















