উদ্ধারে কাজ করছে পিবিআই: কবিরাজের কাছে চিকিৎসা নিতে গিয়ে নিখোঁজ তরুণী
- আপডেট: ০৬:১২:৫৫ অপরাহ্ন, বুধবার, ১৮ ফেব্রুয়ারী ২০২৬
- / ১৮০১৯
নিজস্ব প্রতিবেদক,ঢাকা
রাজধানীর ঢাকার ডেমরা থানা এলাকার সারুলিয়া গ্রামের বাসিন্দা মোসা. রুবিনা (২৫) কবিরাজের কাছে চিকিৎসা নিতে গিয়ে রহস্যজনকভাবে নিখোঁজ হয়েছেন। ঘটনার প্রায় এক বছর পার হলেও এখন পর্যন্ত তার কোনো সন্ধান পাওয়া যায়নি। এ ঘটনায় মামলার তদন্ত করছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)।
বুধবার (১৮ ফেব্রুয়ারি) বিকেলে পিবিআই সদরদপ্তর থেকে এ তথ্য জানানো হয়।
নিখোঁজ তরুণীর পরিবার সূত্রে জানা যায়, গত বছরের ৭ মার্চ সন্ধ্যা ৬টার দিকে রুবিনাকে তার মা চিকিৎসার জন্য বাড্ডা থানা এলাকায় অবস্থিত মোহাম্মদ রেজাউল কবিরাজের দাওয়াখানায় নিয়ে যান। সন্ধ্যা ৭টার দিকে রুবিনাকে সেখানে রেখে ওষুধ কিনতে বাইরে যান তার মা। কিছুক্ষণ পর ফিরে এসে দেখেন রুবিনা সেখানে নেই। পরে দাওয়াখানা ও আশপাশের এলাকায় খোঁজাখুঁজি করেও তার সন্ধান মেলেনি।
এ ঘটনায় পরদিন ৮ মার্চ ২০২৫ বাড্ডা থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি নং–৬৭৪) করা হয়। দীর্ঘ সময় অতিবাহিত হলেও রুবিনার কোনো খোঁজ না পাওয়ায় তার মা বাদী হয়ে নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল নং-৭, ঢাকায় আবেদন করেন। পরবর্তীতে ২০২৫ সালের ১২ নভেম্বর বাড্ডা থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইন ২০০০ (সংশোধিত ২০০৩) এর ৯(১) ধারা এবং মানব পাচার প্রতিরোধ ও দমন আইন ২০১২ এর ৬(১)/১১ ধারায় মামলা দায়ের করা হয়।
আদালতের নির্দেশে মামলার তদন্তভার গ্রহণ করে পিবিআই এসআইএন্ডও (উত্তর)। বর্তমানে মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই (নিঃ) মো. নাজমুল হক নিখোঁজ রুবিনাকে সনাক্ত ও উদ্ধারের লক্ষ্যে সর্বাত্মক চেষ্টা চালিয়ে যাচ্ছেন। তদন্তের স্বার্থে বিভিন্ন তথ্য যাচাই-বাছাইসহ প্রয়োজনীয় কার্যক্রম চলমান রয়েছে বলে জানিয়েছে পিবিআই।
নিখোঁজ রুবিনার সম্পর্কে কোনো তথ্য থাকলে তদন্তকারী কর্মকর্তা এসআই (নিঃ) মো. নাজমুল হকের সঙ্গে (মোবাইল: ০১৭৩৭-৭১১৯৫৯) যোগাযোগ করার জন্য অনুরোধ জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।




















