ঘরমুখো মানুষের নিরাপত্তায় মাঠে র্যাব-১০, চলছে রোবাস্ট পেট্রোলিং
- আপডেট: ০৫:২০:২০ অপরাহ্ন, বুধবার, ১৮ মার্চ ২০২৬
- / ১৮০২০
নিজস্ব প্রতিবেদক,ঢাকা
পবিত্র ঈদ-উল-ফিতর উপলক্ষে ঘরমুখো মানুষের যাত্রা নির্বিঘ্ন করতে রাজধানীসহ সারাদেশের আইন-শৃঙ্খলা রক্ষা ও ট্রাফিক নিয়ন্ত্রণে তৎপর রয়েছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)। ঈদের ছুটি শেষে ঢাকামুখী যাত্রীদের নিরাপদ যাতায়াত নিশ্চিত করতেও তারা বিশেষ ব্যবস্থা নিয়েছে।
এরই অংশ হিসেবে আসন্ন ঈদ-উল-ফিতর-২০২৬ সামনে রেখে মানুষের স্বাভাবিক জীবনযাত্রা বজায় রাখা ও সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্থিতিশীল রাখতে র্যাব-১০ এর সদর কোম্পানির একটি পেট্রোল টিম বুধবার সকাল থেকে দুপুর পর্যন্ত ঢাকার দক্ষিণ কেরাণীগঞ্জ থানা এলাকায় বিশেষ ‘রোবাস্ট পেট্রোলিং’ কার্যক্রম পরিচালনা করে।
এদিন বিকালে র্যাব-১০ সদরদপ্তর থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে র্যাব জানায়,ঈদের দীর্ঘ ছুটিতে চুরি, ডাকাতি ও ছিনতাইয়ের প্রবণতা প্রতিরোধে র্যাবের নজরদারি জোরদার করা হয়েছে। পাশাপাশি অজ্ঞান পার্টি, প্রতারক চক্র, টানা পার্টি ও মলম পার্টিসহ বিভিন্ন অপরাধী চক্র দমনে মাঠে সক্রিয় রয়েছে বাহিনীটি।
র্যাব-১০ জানিয়েছে, ঈদকে কেন্দ্র করে সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হচ্ছে। যে কোনো ধরনের অপরাধ দমনে রোবাস্ট পেট্রোলিংয়ের পাশাপাশি নিয়মিত টহল কার্যক্রম অব্যাহত থাকবে।
এ কার্যক্রমের ধারাবাহিকতায় সদরঘাট লঞ্চ টার্মিনাল, ডেমরা, যাত্রাবাড়ী, ধোলাইপাড়, শ্যামপুর, ওয়ারী, সায়দাবাদ বাস টার্মিনাল ও মাওয়া ঘাটসহ র্যাব-১০ এর অধিক্ষেত্রের গুরুত্বপূর্ণ এলাকাগুলোতে ৩২টি নিয়মিত টহল টিম এবং সাদা পোশাকে আরও ৬টি বিশেষ টিম মোতায়েন করা হয়েছে।
ঈদকালে আইন-শৃঙ্খলা রক্ষা ও সড়কে শৃঙ্খলা বজায় রাখতে প্রয়োজনে র্যাব-১০ এর নির্ধারিত কন্ট্রোল রুমে যোগাযোগ করার জন্য সংশ্লিষ্টদের অনুরোধ জানানো হয়েছে।


















