ঈদে নৌপথে নিরাপত্তা জোরদার,ঝড়ে পড়া লঞ্চ থেকে ১০৪ যাত্রী উদ্ধার করেছে কোস্ট গার্ড
- আপডেট: ০৯:৩৫:৪৩ অপরাহ্ন, শুক্রবার, ২০ মার্চ ২০২৬
- / ১৮০১৬
নিজস্ব প্রতিবেদক,সোনালী খবর
পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে নৌপথে যাত্রীদের নিরাপত্তা নিশ্চিত করতে দেশজুড়ে বিশেষ নিরাপত্তা ব্যবস্থা জোরদার করেছে বাংলাদেশ কোস্ট গার্ড। ঈদের ছুটিতে যখন অধিকাংশ মানুষ আপনজনের কাছে ছুটে যাচ্ছেন, তখনও কোস্ট গার্ড সদস্যরা উপকূল ও নদীতীরবর্তী এলাকায় নিরলসভাবে দায়িত্ব পালন করছেন।
শুক্রবার (২০ মার্চ) কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন এ তথ্য জানান।
তিনি বলেন, প্রতিষ্ঠালগ্ন থেকে কোস্ট গার্ড দেশের উপকূল ও নদীতীরবর্তী অঞ্চলের সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে কাজ করে যাচ্ছে। ঈদকে কেন্দ্র করে নৌপথে যাত্রী চলাচল বেড়ে যাওয়ায় জনগণের জানমালের নিরাপত্তা নিশ্চিতে বিশেষ ব্যবস্থা নেওয়া হয়েছে।
এরই মধ্যে চাঁদপুর জেলার হাইমচর এলাকায় বৈরী আবহাওয়ায় ঝড়ে পড়া একটি যাত্রীবাহী লঞ্চ থেকে ১০৪ জন যাত্রীকে নিরাপদে উদ্ধার করেছে কোস্ট গার্ড। উদ্ধারকৃতদের দ্রুত নিরাপদ স্থানে স্থানান্তর ও প্রয়োজনীয় সহায়তা প্রদান করা হয়েছে। এ ঘটনাকে কোস্ট গার্ডের মানবিকতা ও পেশাদারিত্বের উজ্জ্বল দৃষ্টান্ত হিসেবে উল্লেখ করা হয়।
কোস্ট গার্ড জানায়, ঈদকে সামনে রেখে ঢাকার সদরঘাট, চাঁদপুর, বরিশাল, ভোলার ইলিশা, হাতিয়ার নলচিরা, খুলনা-মোংলা এবং চট্টগ্রামের বিভিন্ন লঞ্চঘাট ও খেয়াঘাটে টহল জোরদার করা হয়েছে।
এছাড়া গুরুত্বপূর্ণ নৌঘাটগুলোতে অতিরিক্ত সদস্য মোতায়েনের পাশাপাশি সন্দেহজনক কার্যক্রম প্রতিরোধে গোয়েন্দা নজরদারি বাড়ানো হয়েছে। চুরি, ডাকাতি, চাঁদাবাজি ও নাশকতামূলক কর্মকাণ্ড প্রতিরোধে কোস্ট গার্ড সর্বদা তৎপর রয়েছে।
ঈদ-পরবর্তী সময়েও যাত্রীদের নিরাপদে কর্মস্থলে ফেরার যাত্রা নির্বিঘ্ন রাখতে এই নিরাপত্তা ব্যবস্থা অব্যাহত থাকবে বলে জানানো হয়েছে। যে কোনো জরুরি পরিস্থিতি মোকাবিলায় কোস্ট গার্ড প্রস্তুত রয়েছে বলেও জানান সংশ্লিষ্ট কর্মকর্তা।


















