মহান স্বাধীনতা দিবসে জনসাধারণের জন্য ৬টি জাহাজ উন্মুক্ত
- আপডেট: ০৮:১৭:৪০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২৬
- / ১৮০০১
নিজস্ব প্রতিবেদক,সোনালী খবর
মহান স্বাধীনতা ও জাতীয় দিবস ২০২৬ উপলক্ষ্যে জনসাধারণের জন্য দেশের বিভিন্ন স্থানে ৬টি জাহাজ উন্মুক্ত করেছে বাংলাদেশ কোস্ট গার্ড।
বৃহস্পতিবার (২৬ মার্চ) বিকালে কোস্ট গার্ড মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন এ তথ্য জানান।
তিনি বলেন, স্বাধীনতা দিবস বাঙালি জাতির জন্য একটি গৌরবোজ্জ্বল দিন, যা প্রতি বছর যথাযোগ্য মর্যাদায় উদযাপিত হয়। এ উপলক্ষ্যে দুপুর ২টা থেকে বিকেল ৪টা পর্যন্ত কোস্ট গার্ডের জাহাজসমূহ সর্বসাধারণের জন্য উন্মুক্ত রাখা হয়।
উন্মুক্ত জাহাজগুলোর মধ্যে রয়েছে:
বিসিজিএস কুতুবদিয়া (চাঁদপুর), বিসিজিএস শেটগাং (নারায়ণগঞ্জ), বিসিজিএস তাজউদ্দিন (পতেঙ্গা), বিসিজিএস শ্যামল বাংলা (চট্টগ্রাম), বিসিজিএস কামরুজ্জামান (মোংলা) এবং বিসিজিএস তৌহিদ (খুলনা)।
এ সময় সংশ্লিষ্ট এলাকা ও আশপাশ থেকে বিপুল সংখ্যক নারী-পুরুষ জাহাজ পরিদর্শনে আসেন। এর ফলে সাধারণ মানুষ কোস্ট গার্ডের জাহাজ ও তাদের কার্যক্রম সম্পর্কে সরাসরি জানার সুযোগ পান।
কোস্ট গার্ডের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা ও নাবিকরা দর্শনার্থীদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন। তারা জাহাজের গভীর সমুদ্রে অভিযান, উপকূলীয় ও নদী এলাকায় টহল, উদ্ধার ও অনুসন্ধান কার্যক্রম, অবৈধ অনুপ্রবেশ ও চোরাচালান প্রতিরোধ, জলদস্যুতা দমন এবং মৎস্য ও প্রাকৃতিক সম্পদ রক্ষার মতো বিষয় সম্পর্কে অবহিত করেন।
এ ধরনের উদ্যোগের মাধ্যমে জনসাধারণের মাঝে কোস্ট গার্ডের কার্যক্রম সম্পর্কে ইতিবাচক ধারণা তৈরি হয়েছে বলে জানানো হয়।



















