মুন্সিগঞ্জে লঞ্চে অসুস্থ নবজাতককে কোস্ট গার্ডের জরুরি চিকিৎসা, প্রাণে বাঁচল শিশু
- আপডেট: ০৭:৫৫:২৫ অপরাহ্ন, সোমবার, ৩০ মার্চ ২০২৬
- / ১৮১৫১
নিজস্ব প্রতিবেদক,সোনালী খবর
মুন্সিগঞ্জে যাত্রীবাহী একটি লঞ্চে অসুস্থ নবজাতক শিশুকে জরুরি চিকিৎসা সহায়তা দিয়ে জীবনরক্ষায় এগিয়ে এসেছে বাংলাদেশ কোস্ট গার্ড।
সোমবার (৩০ মার্চ ) সন্ধ্যায় কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন এ তথ্য নিশ্চিত করেন।
তিনি জানান, একইদিনে ভোলার ইলিশা থেকে ঢাকার উদ্দেশ্যে এমভি সম্পদ নামের একটি লঞ্চে করে মাত্র তিন দিন বয়সী অসুস্থ শিশুকে উন্নত চিকিৎসার জন্য নিয়ে যাচ্ছিলেন তার বাবা। লঞ্চটি বিকাল ১টার দিকে চাঁদপুরের মতলব উত্তর উপজেলার ষাটনল এলাকায় পৌঁছালে অক্সিজেনের অভাবে শিশুটির অবস্থার অবনতি ঘটে এবং জীবনঝুঁকি দেখা দেয়।
এসময় শিশুটির পিতা কোস্ট গার্ডের জরুরি সেবা নম্বর ১৬১১১-এ যোগাযোগ করলে তাৎক্ষণিক ব্যবস্থা নেয় কর্তৃপক্ষ। কোস্ট গার্ড স্টেশন পাগলা থেকে একটি মেডিক্যাল টিম অক্সিজেন সিলিন্ডারসহ দ্রুতগতির বোটে ঘটনাস্থলে পৌঁছে শিশুটিকে জরুরি চিকিৎসা সেবা প্রদান করে।
পরবর্তীতে শিশুটিকে দ্রুত হাসপাতালে স্থানান্তরের জন্য কোস্ট গার্ডের বোটে করে পাগলা স্টেশনে আনা হয় এবং সেখান থেকে সিভিল অ্যাম্বুলেন্সে রাজধানীর শ্যামলীর মা ও শিশু হাসপাতালে ভর্তি করা হয়।
কোস্ট গার্ড জানিয়েছে, মানবিক সেবায় তারা সবসময় প্রস্তুত রয়েছে এবং ভবিষ্যতেও এ ধরনের কার্যক্রম অব্যাহত থাকবে।




















