মুন্সিগঞ্জে লঞ্চে অসুস্থ শিশুকে কোস্ট গার্ডের জরুরি চিকিৎসা সহায়তা
- আপডেট: ০৫:৩৬:৪২ অপরাহ্ন, রবিবার, ২৬ এপ্রিল ২০২৬
- / ১৮০০৩
নিজস্ব প্রতিবেদক,সোনালী খবর
মুন্সিগঞ্জে যাত্রীবাহী একটি লঞ্চে অসুস্থ হয়ে পড়া দুই বছর বয়সী এক শিশুকে জরুরি চিকিৎসা সহায়তা দিয়েছে বাংলাদেশ কোস্ট গার্ড।
রবিবার (২৬ এপ্রিল ) বিকালে কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন এ তথ্য জানান।
তিনি বলেন, ভোলা থেকে ঢাকার উদ্দেশ্যে এমভি সম্পদ নামের একটি লঞ্চে করে এক ব্যক্তি তার অসুস্থ শিশুকে উন্নত চিকিৎসার জন্য নিয়ে আসছিলেন। পথে দুপুর ১২টার দিকে লঞ্চটি চাঁদপুর সংলগ্ন এলাকায় পৌঁছালে শিশুটির শারীরিক অবস্থার অবনতি ঘটে।
এ সময় শিশুটির পিতা কোস্ট গার্ডের জরুরি সেবা নম্বর ১৬১১১-এ যোগাযোগ করেন। খবর পেয়ে কোস্ট গার্ড স্টেশন পাগলা থেকে একটি মেডিক্যাল টিম দ্রুত হাই-স্পিড বোটে ঘটনাস্থলে পৌঁছে শিশুটিকে প্রয়োজনীয় প্রাথমিক চিকিৎসা প্রদান করে।
পরে উন্নত চিকিৎসার জন্য শিশুটিকে কোস্ট গার্ডের বোটে করে সদরঘাটে নিয়ে আসা হয়। সেখান থেকে সিভিল অ্যাম্বুলেন্সে করে শ্যামলীর মা ও শিশু হাসপাতালে ভর্তি করা হয়।
কোস্ট গার্ডের তাৎক্ষণিক এ উদ্যোগে শিশুটির জীবন রক্ষা সম্ভব হয়েছে বলে জানানো হয়েছে।



















