চলন্ত গাড়ির সামনে ঝাঁপ দিতে গিয়ে শেষ মুহূর্তে রক্ষা, আনসারের তৎপরতায় বাঁচলেন মা-শিশু
- আপডেট: ১২:৪০:১৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬
- / ১৮০৩৮
নিজস্ব প্রতিবেদক,ঢাকা
রাজধানীর হাতিরঝিলে ১১ মাসের শিশুকে নিয়ে আত্মহত্যার চেষ্টা করা এক নারীকে উদ্ধার করেছেন বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সদস্যরা। পরে তাকে পরিবারের কাছে নিরাপদে হস্তান্তর করা হয়।
বৃহস্পতিবার (২৩ জুলাই) আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর উপপরিচালক ও গণসংযোগ কর্মকর্তা মো. আশিকউজ্জামান এ তথ্য জানান।
তিনি জানান, বুধবার (২২ জুলাই) বিকেলে হাতিরঝিলের রাজউক প্রকল্প এলাকায় টহলরত আনসার সদস্য জাহিদুল ও রেদওয়ান দেখতে পান, এক নারী কোলের শিশুকে নিয়ে চলন্ত গাড়ির সামনে ঝাঁপ দেওয়ার চেষ্টা করছেন। তারা দ্রুত ছুটে গিয়ে ওই নারীকে বাধা দেন।
তবে ওই নারী বাঁচতে চান না বলে চিৎকার করতে থাকেন এবং রাস্তা থেকে সরে যেতে অস্বীকৃতি জানান। পরে সেখানে টহলরত র্যাব-৩-এর সদস্যদের সহযোগিতায় তাকে শান্ত করে নিরাপদ স্থানে নেওয়া হয়।
এরপর হাতিরঝিল থানার ডিউটি অফিসারের উপস্থিতিতে আনসার সদস্যরা ওই নারীর পরিবারের তথ্য ও মোবাইল নম্বর সংগ্রহ করে স্বজনদের সঙ্গে যোগাযোগ করেন।
খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছান ওই নারীর স্বামী শরিফুল ইসলাম। তিনি জানান, তার স্ত্রী ফারজানা (৩০) হরমোনজনিত সমস্যায় ভুগছেন এবং কিছুটা মানসিক ভারসাম্যহীন। চিকিৎসার জন্য তারা নারায়ণগঞ্জ থেকে ঢাকা মেডিকেলে এসেছিলেন। এ সময় মালিবাগে এক আত্মীয়ের বাসা থেকে তিনি শিশুকে নিয়ে বের হয়ে যান।
পরে আনসার সদস্যরা মা ও শিশুকে অক্ষত অবস্থায় শরিফুল ইসলামের কাছে হস্তান্তর করেন। স্ত্রী ও সন্তানের জীবন রক্ষায় আনসার সদস্যদের দায়িত্বশীল ভূমিকার জন্য তিনি তাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।
আইনশৃঙ্খলা রক্ষার পাশাপাশি বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর এ ধরনের মানবিক ও দায়িত্বশীল ভূমিকা উপস্থিত সাধারণ মানুষের প্রশংসা কুড়িয়েছে।




















