মোহাম্মদপুর ও কেরানীগঞ্জে আরও দুই ইয়াবা কারখানার সন্ধান, কেমিস্টসহ গ্রেফতার ২
- আপডেট: ০৯:১৬:৩৯ অপরাহ্ন, রবিবার, ২ অগাস্ট ২০২৬
- / ১৮০০৫
নিজস্ব প্রতিবেদক,ঢাকা
রাজধানীর মোহাম্মদপুর ও ঢাকা জেলার কেরানীগঞ্জে আরও দুটি ইয়াবা তৈরির কারখানার সন্ধান পেয়েছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)। এসব কারখানায় অভিযান চালিয়ে ইয়াবা তৈরির দুটি মেশিন, ১৭ কেজি কাঁচামাল, ৩১ হাজার ২৭২টি ইয়াবা এবং এ চক্রের সঙ্গে জড়িত দুজনকে আটক করা হয়েছে।
রবিবার (২ আগস্ট) বিকালে র্যাব-২ থেকে পাঠানো বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
র্যাব-২ জানিয়েছে, রাজধানীর মোহাম্মদপুর এবং ঢাকা জেলার কেরানীগঞ্জ থেকে ইয়াবা তৈরীর দুইটি মেশিন, ১৭ কেজি ইয়াবা তৈরীর কাঁচামাল, ৩১ হাজার ২৭২ পিস ইয়াবাসহ দুজনকে আটক করেছে র্যাব-২। আটক ব্যক্তিদের একজন ইয়াবা ডিলার এবং অন্যজন ইয়াবা তৈরির কেমিস্ট ও ডিলার। এ বিষয়ে সোমবার কেরানীগঞ্জে উদ্ধার হওয়া ইয়াবা কারখানায় সংবাদ সম্মেলন করা হবে।
এর আগে গত বৃহস্পতিবার রাতে কেরানীগঞ্জের মধ্যচর দক্ষিণ বালুচর এলাকায় আরেকটি ইয়াবা তৈরির কারখানায় অভিযান চালায় র্যাব-১০। ওই অভিযানে ইয়াবা তৈরির কাঁচামাল ও বিভিন্ন যন্ত্রপাতিসহ চারজনকে গ্রেফতার করা হয়। গ্রেফতার ব্যক্তিরা হলেন মো. আলমগীর ওরফে আন্ডে (৪০), মো. আলী আরমান (৩৬), মো. শাহজাহান (৪০) ও সোনিয়া (৩০)।

















