ঢাকাকে পরিচ্ছন্ন ও সবুজ নগরী হিসেবে গড়ে তোলা হবে: ডিএনসিসি প্রশাসক
- আপডেট: ০৫:২৪:১৯ অপরাহ্ন, শনিবার, ২২ অগাস্ট ২০২৬
- / ১৮০১৪
নিজস্ব প্রতিবেদক,ঢাকা
সবার সহযোগিতায়, সবাই মিলে ঢাকাকে পরিচ্ছন্ন ও সবুজ নগরী হিসেবে গড়ে তোলা হবে বললেন ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের প্রশাসক শফিকুল ইসলাম খান।
শনিবার (২২ আগস্ট) রাজধানীর উত্তরা এলাকায় বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধনকালে তিনি এসব কথা বলেন।
তিনি আরও বলেন, সরকারি নির্দেশনার আলোকেই এই দীর্ঘমেয়াদী সবুজায়ন পরিকল্পনা বাস্তবায়নে বেসরকারি প্রতিষ্ঠানসমূহ এগিয়ে এসেছে, যা একটি টেকসই পরিবেশ বিনির্মাণে অত্যন্ত কার্যকর ভূমিকা রাখবে।
ডিএনসিসি প্রশাসক বলেন, নগরীর সবুজায়ন কর্মসূচিতে সরকার সর্বাত্মক সহযোগিতা করবে। ঢাকা উত্তর সিটি করপোরেশন আগামী পাঁচ বছরে ৫ লাখ বৃক্ষরোপণের উদ্যোগ নিয়েছে। এরই মধ্যে ৫৫ হাজার বৃক্ষরোপণ করা হয়েছে এবং মহাখালী, ফার্মগেট, বিজয়নগরসহ প্রধান সড়কসমূহের মিডিয়ানে সৌন্দর্যবর্ধন ও সবুজায়নের কাজ দ্রুত গতিতে এগিয়ে চলছে।
তিনি আরও বলেন, পুরো দেশে পাঁচ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণের ঘোষণা দিয়েছেন মাননীয় প্রধানমন্ত্রী। এ কর্মসূচির অংশ হিসেবে ঢাকাকে সবুজায়নে গুরুত্ব দেওয়া হচ্ছে।
এই বৃক্ষরোপণ কর্মসূচির একটি বিশেষ দিক হলো রোপণকৃত গাছের নিয়মিত পরিচর্যা ও সুরক্ষার নিশ্চয়তা। কর্মসূচির আওতায় ৫০০টি শিক্ষা প্রতিষ্ঠানের প্রায় ১,৫০০ জন শিক্ষার্থী সরাসরি রোপণকৃত গাছের পরিচর্যা কাজে যুক্ত থাকবে। শিক্ষার্থী বন্ধুদের উৎসাহিত করতে পরবর্তীতে তাঁদের বৃত্তির আওতায় আনা হবে। এ উদ্যোগকে অত্যন্ত মহৎ ও দূরদর্শী অভিহিত করে প্রশাসক বলেন, তরুণ প্রজন্মকে এভাবে পরিবেশ সুরক্ষায় সম্পৃক্ত করা অন্য সকলের জন্যও অনুকরণীয় দৃষ্টান্ত।
সবুজায়নের পাশাপাশি একটি পরিচ্ছন্ন ঢাকা গড়ার ওপর জোর দিয়ে শফিকুল ইসলাম খান মিল্টন বলেন, কেবল সিটি কর্পোরেশনের একক চেষ্টায় একটি মেগাসিটিকে সম্পূর্ণ পরিচ্ছন্ন রাখা সম্ভব নয়। এজন্য সাধারণ নাগরিকদের দায়িত্বশীল ও সচেতন হতে হবে।
তিনি রাস্তায় কিংবা যত্রতত্র প্লাস্টিক বোতল, ওয়ান টাইম কাপ, টিস্যু, পানির কন্টেইনার ও আবর্জনা না ফেলে নির্ধারিত ডাস্টবিন বা স্থানে ফেলার বিনীত অনুরোধ জানান। নাগরিকদের সচেতনতা ও সম্মিলিত প্রচেষ্টাই পারে “ক্লিন ঢাকা, গ্রিন ঢাকা” রূপকল্পকে বাস্তবে রূপ দিতে।
অনুষ্ঠানে অন্যানের মধ্যে উপস্থিত ছিলেন, ঢাকা উত্তর সিটি করপোরেশনের অঞ্চল-৬ এর আঞ্চলিক নির্বাহী কর্মকর্তা মোঃ জিয়াউর রহমান, আকিজ ফুড এন্ড বেভারেজ লিমিটেডের প্রধান নির্বাহী কর্মকর্তা সৈয়দ জহুরুল আলম, ঢাকা উত্তর সিটি করপোরেশনের পরিবেশ, জলবায়ু ও দূর্যোগ ব্যবস্থাপনা সার্কেলের তত্ত্বাবধায়ক প্রকৌশলী মোহাম্মদ আবুল কাশেম এবং অন্যান্য কর্মকর্তাবৃন্দ।



















