আনসার-ভিডিপি সদ্য পদোন্নতিপ্রাপ্তদের র্যাংক ব্যাজ ও বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত
- আপডেট: ১১:১০:২৬ অপরাহ্ন, মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬
- / ১৮০০৩
নিজস্ব প্রতিবেদক,ঢাকা
বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সদর দপ্তরে উৎসবমুখর পরিবেশে সদ্য পদোন্নতিপ্রাপ্ত কর্মকর্তাদের আনুষ্ঠানিকভাবে র্যাংক ব্যাজ পরিধান এবং নতুন পদায়নপ্রাপ্ত ও অবসরপ্রাপ্ত কর্মকর্তাদের বিদায় সংবর্ধনা প্রদান করা হয়েছে।
মঙ্গলবার (২৫ আগস্ট) সদর দফতর অডিটোরিয়ামে আয়োজিত এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাহিনীর মহাপরিচালক মেজর জেনারেল আবদুল মোতালেব সাজ্জাদ মাহমুদ।
অনুষ্ঠানে উপমহাপরিচালক পদে পদোন্নতিপ্রাপ্ত মো. আসাদুজ্জামান গনী এবং চাকরিজীবনের ২০ বছর পূর্ণ করে পরিচালক ও উপপরিচালক পদে উন্নীত কর্মকর্তাদের ব্যাজ পরিয়ে দেন মহাপরিচালক এবং অতিরিক্ত মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মামুনূর রশীদ।
পদোন্নতির পাশাপাশি অনুষ্ঠানে আবেগঘন পরিবেশে সংবর্ধনা জানানো হয় অন্য দুই কর্মকর্তাকে। উপসচিব পদে নতুন কর্মস্থলে পদায়নপ্রাপ্ত জনাব মোহা. ইয়াছিন আরাফাত এবং চাকরিজীবন শেষে অবসরে যাওয়া পরিচালক মো. আব্দুস সামাদের হাতে সম্মাননা ক্রেস্ট ও ফটো অ্যালবাম তুলে দেওয়া হয়।
প্রধান অতিথির বক্তব্যে মহাপরিচালক বলেন, সততা, নিষ্ঠা ও পেশাদারিত্বের স্বীকৃতি স্বরূপ অর্জিত এই পদোন্নতি কর্মকর্তাদের নতুন দায়িত্ব পালনে অনুপ্রাণিত করবে। পদোন্নতিপ্রাপ্তদের দক্ষতা ও কর্মগতিশীলতা বৃদ্ধি করে দেশের সেবায় ভূমিকা রাখার আহ্বান জানানোর পাশাপাশি বিদায়ী কর্মকর্তাদের দীর্ঘ কর্মজীবনের অবদানের জন্য ধন্যবাদ ও শুভকামনা জানান তিনি।
অনুষ্ঠানে অতিরিক্ত মহাপরিচালক ও আনসার-ভিডিপি একাডেমির কমান্ড্যান্ট মো. সাইফুল্লাহ রাসেল, উপমহাপরিচালক (প্রশাসন) কর্নেল বায়জিদ মোহাম্মদ তারেক জুনায়েদ, উপমহাপরিচালক (প্রশিক্ষণ) জনাব রফিকুল ইসলামসহ সদর দফতর এবং ঢাকা, গাজীপুর ও নারায়ণগঞ্জ জেলার ঊর্ধ্বতন কর্মকর্তা ও ব্যাটালিয়ন অধিনায়করা উপস্থিত ছিলেন।



















