মোহাম্মদপুরে বিদেশি রিভলবার ও ইয়াবাসহ ‘ম্যাগনেট বাবু’ গ্রেফতার
- আপডেট: ০৪:২২:০৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬
- / ১৮০০৩
নিজস্ব প্রতিবেদক,ঢাকা
রাজধানীর মোহাম্মদপুরের বসিলা রোড এলাকা থেকে একটি বিদেশি রিভলবার, এক রাউন্ড তাজা গুলি, চারটি গুলির খোসা ও ২ হাজার ৬০০টি ইয়াবাসহ মো. বাবুল হোসেন ওরফে ‘ম্যাগনেট বাবু’কে (৪৩) গ্রেফতার করেছে র্যাব-২।
বৃহস্পতিবার (২৭ আগস্ট) র্যাব-২ থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে র্যাব-২ জানায়, বুধবার দিবাগত মধ্যরাতে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে খবর পাওয়া যায়, বাবুল একটি মাইক্রোবাসে করে মাদক সরবরাহের উদ্দেশ্যে মোহাম্মদপুরের তিন রাস্তার মোড়ের দিকে বসিলা রোড দিয়ে যাবেন। পরে র্যাবের একটি দল সেখানে বিশেষ চেকপোস্ট বসিয়ে গাড়ি তল্লাশি শুরু করে।
এ সময় একটি মাইক্রোবাসের গতিরোধ করে র্যাব। গাড়ির চালকের কথাবার্তায় অসংলগ্নতা দেখা দিলে তাকে জিজ্ঞাসাবাদ করা হয়। একপর্যায়ে ওই চালকই বাবুল হোসেন ওরফে ‘ম্যাগনেট বাবু’ বলে পরিচয় নিশ্চিত হয়।
পরে র্যাবের সদস্যরা বিশেষ সতর্কতার সঙ্গে তল্লাশি চালিয়ে তার কাছ থেকে একটি বিদেশি রিভলবার, এক রাউন্ড তাজা গুলি, চারটি গুলির খোসা ও ৬০০টি ইয়াবা উদ্ধার করেন।
পরবর্তীতে জিজ্ঞাসাবাদ করে পাওয়া তথ্যের ভিত্তিতে কেরানীগঞ্জ মডেল থানার চরওয়াশপুর এলাকায় বাবুলের নিজ বাড়িতে অভিযান চালানো হয়। সেখান থেকে আরও ২ হাজার ইয়াবা উদ্ধার করা হয়।
র্যাবের প্রাথমিক অনুসন্ধানে জানা গেছে, বাবুল রাজধানীর বিভিন্ন এলাকায় মাদক, সন্ত্রাস ও অস্ত্রবাজিসহ বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত। তাঁর বিরুদ্ধে আগেও দুটি মামলার তথ্য পাওয়া গেছে।
র্যাব জানায়, বাবুলের বিরুদ্ধে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) কাফরুল থানায় দস্যুতা মামলা রয়েছে। এ ছাড়া চাঁদপুরের মতলব দক্ষিণ থানায় বেপরোয়াভাবে গাড়ি চালিয়ে মৃত্যু ঘটানোর একটি মামলায়ও তিনি অভিযুক্ত।
গ্রেফতার বাবুলের বিরুদ্ধে জব্দ করা আলামতসহ পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে বলে জানিয়েছে র্যাব।



















