মতিঝিলে জুতার কার্টনে মিললো ২০ কেজি গাঁজা,গ্রেফতার ২
- আপডেট: ০৭:৩০:০৪ অপরাহ্ন, শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬
- / ১৮০০১
নিজস্ব প্রতিবেদক,ঢাকা
রাজধানীর মতিঝিল এলাকায় ২০ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারিকে গ্রেফতার করেছে র্যাব-৩। এ সময় তাদের কাছ থেকে তিনটি মোবাইল ফোন ও মাদকদ্রব্য প্যাকিংয়ের জন্য ব্যবহৃত ৪০টি জুতার কার্টন জব্দ করা হয়।
গ্রেফতাররা হলেন হবিগঞ্জের মাধবপুরের হান্নান মিয়া (৩৪) এবং ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জের মো. সোহেল (৩২)। গ্রেফতাররা আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের চোখ ফাঁকি দিতে জুতার কার্টনে করে গাঁজা বহন করছিলেন।
শুক্রবার (২৮ আগস্ট) দুপুরে র্যাব-৩ এর অতিরিক্ত পুলিশ সুপার মো. মেহেদী ইমরান সিদ্দিকী এসব তথ্য জানান।
তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে গতকাল বৃহস্পতিবার রাত ৯টার দিকে মতিঝিল থানাধীন এশিয়া ব্যাংকের প্রিন্সিপাল শাখার সামনে অভিযান চালায় র্যাবের একটি বিশেষ দল। এ সময় হান্নান মিয়া ও তার সহযোগী সোহেলকে গ্রেফতার করা হয়। তাদের কাছ থেকে ২০ কেজি গাঁজা জব্দ করা হয়, যার আনুমানিক বাজারমূল্য প্রায় চার লাখ টাকা।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতার দুজন জানিয়েছেন, তারা সীমান্তবর্তী এলাকা থেকে পাইকারি দরে গাঁজা সংগ্রহ করে রাজধানীর মতিঝিলসহ ঢাকা মহানগরের বিভিন্ন এলাকায় খুচরা দরে বিক্রি করে আসছিলেন।
অতিরিক্ত পুলিশ সুপার মেহেদী ইমরান আরও জানান, তারা দীর্ঘদিন ধরে মাদক ব্যবসার সঙ্গে জড়িত এবং পেশাদার মাদক কারবারি বলে স্বীকার করেছেন।
গ্রেফতারদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু হয়েছে।



















