হাতিরঝিলে ছিনতাইয়ের সময় আনসারের হাতে যুবক আটক
- আপডেট: ১০:১২:৩৫ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬
- / ১৮০১৬
নিজস্ব প্রতিবেদক,ঢাকা
রাজধানীর হাতিরঝিলে ছিনতাইয়ের চেষ্টাকালে দর্শনার্থীদের চিৎকার শুনে দ্রুত ঘটনাস্থলে গিয়ে এক যুবককে হাতেনাতে আটক করেছেন দায়িত্বে থাকা আনসার সদস্যরা। পরে আটক যুবককে আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য হাতিরঝিল থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।
বুধবার (৯ সেপ্টেম্বর) রাত আনুমানিক সাড়ে ১০টার দিকে ঢাকা মহানগর আনসার (ডিএমএ) পশ্চিম জোনের আওতাধীন হাতিরঝিল থানার রাজউক হাতিরঝিল মহানগর পশ্চিম (জিএমজি) এলাকায় এ ঘটনা ঘটে।
বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী সহকারী পরিচালক ও গণসংযোগ কর্মকর্তা মো. নাজমুস সাকিব এ তথ্য জানান।
তিনি জানান,হাতিরঝিল এলাকায় ছিনতাইয়ের চেষ্টা চালানো হলে দর্শনার্থীরা চিৎকার শুরু করেন। দায়িত্বে থাকা আনসার সদস্যরা বিষয়টি টের পেয়ে এপিসি শেখ রাসেলের নেতৃত্বে দ্রুত ঘটনাস্থলে ছুটে যান। পরে পরিস্থিতি নিয়ন্ত্রণে এনে ছিনতাইয়ের চেষ্টাকারী যুবককে আটক করা হয়।
আটককৃতের নাম হলো, নয়ন (১৯)। তার বাবার নাম মামুন। তিনি রাজধানীর তেজগাঁও থানাধীন মহাখালী এলাকার বাসিন্দা।
ঘটনার সময় দায়িত্বে ছিলেন এপিসি শেখ রাসেল, আনসার সদস্য মো. জাকির হোসেন ও আনসার সদস্য মো. তাহিম মোল্লা। পরে সংস্থা কর্তৃপক্ষের নির্দেশনা অনুযায়ী আটক যুবককে হাতিরঝিল থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়।
জননিরাপত্তা নিশ্চিত করতে রাজধানীর গুরুত্বপূর্ণ ও জনসমাগমপূর্ণ এলাকাগুলোতে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সদস্যরা নিয়মিত দায়িত্ব পালন করছেন।
হাতিরঝিলে ছিনতাইয়ের চেষ্টার ঘটনায় তাদের তাৎক্ষণিক তৎপরতা অপরাধ প্রতিরোধ ও সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত করার ক্ষেত্রে আনসার সদস্যদের দায়িত্বশীলতার দৃষ্টান্ত।



















