ডিজিএফআইয়ের ‘পিএস’ পরিচয়ে স্বাস্থ্য অধিদপ্তরে প্রতারণার চেষ্টা, আনসারের তৎপরতায় আটক
- আপডেট: ১১:৪৮:১১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬
- / ১৮০০৫
নিজস্ব প্রতিবেদক,ঢাকা
রাজধানীর মহাখালীতে স্বাস্থ্য অধিদপ্তরের কার্যালয়ে নিজেকে প্রতিরক্ষা গোয়েন্দা মহাপরিদপ্তরের (ডিজিএফআই) ‘পিএস’ পরিচয় দিয়ে প্রতারণার চেষ্টার অভিযোগে এক ব্যক্তিকে আটক প্রতিষ্ঠানটিতে দায়িত্বরত আনসার সদস্যরা।
আটক ব্যক্তির নাম–মাসুদুর রহমান (৩৪)। বৃহস্পতিবার আনসার সদস্যরা তাকে আটক করে বনানী থানার পুলিশের কাছে হস্তান্তর করেন।
রাতে আনসার বাহিনীর এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
আনসার কর্তৃপক্ষের দেওয়া তথ্য অনুযায়ী, গত দুই দিন ধরে তিনি স্বাস্থ্য অধিদপ্তরের এক প্রশাসনিক কর্মকর্তার একটি ফাইলে স্বাক্ষর করানোর জন্য চাপ দিয়ে আসছিলেন। আজ বেলা সাড়ে ১১টার দিকে তিনি ওই কর্মকর্তার ব্যক্তিগত সহকারীকে (পিএস) হুমকি দেন। এ সময় তিনি ওই ব্যক্তির বিরুদ্ধে বিভিন্ন ‘রিপোর্ট’ থাকার কথা বলে দেখে নেওয়ার হুমকি দেন।
ঘটনাটি জানতে পেরে স্বাস্থ্য অধিদপ্তরে দায়িত্ব পালনরত আনসার সদস্যরা মাসুদুর রহমানের পরিচয় ও কর্মকাণ্ড সম্পর্কে জানতে চান। জিজ্ঞাসাবাদের সময় তার কথাবার্তা সন্দেহজনক মনে হলে তাকে আটক করা হয়। পরে বনানী থানায় খবর দেওয়া হলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাকে হেফাজতে নেয়।
আনসার কর্তৃপক্ষ জানায়, পিসি মো. সাহাবউদ্দীনের নেতৃত্বে এপিসি জালাল উদ্দীন, আনসার সদস্য মনিরুল ইসলাম ও শ্রী পূর্ণ রায় তাঁকে আটক ও জিজ্ঞাসাবাদে অংশ নেন।
এ ঘটনায় ওই ব্যক্তির বিরুদ্ধে মামলা দায়েরের প্রক্রিয়া চলছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।




















