ঢাকা রেঞ্জের নতুন ডিআইজি মোস্তাফিজুর রহমান
- আপডেট: ০১:১১:২৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬
- / ১৮০০২
নিজস্ব প্রতিবেদক,ঢাকা
ঢাকা রেঞ্জের নতুন উপমহাপরিদর্শক (ডিআইজি) হিসেবে দায়িত্ব পেয়েছেন মো. মোস্তাফিজুর রহমান। বর্তমানে তিনি খুলনা রেঞ্জের ডিআইজি হিসেবে দায়িত্ব পালন করছেন।
বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়। এদিন ঢাকা রেঞ্জ ডিআইজি ছাড়াও পুলিশের বিশেষ শাখা— এসবি, ট্যুরিস্ট পুলিশের প্রধানসহ ঊর্ধ্বতন বেশকিছু পদে রদবদল আনা হয়।
এর আগে গত ৫ জুলাই স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে মোস্তাফিজুর রহমানকে বরিশাল রেঞ্জ থেকে খুলনা রেঞ্জের ডিআইজি হিসেবে বদলি করা হয়েছিল। বিগত আওয়ামী লীগ সরকারের সময়ে দীর্ঘদিন পদোন্নতি থেকে বঞ্চিত ছিলেন মোস্তাফিজুর রহমান।
অন্তর্বর্তী সরকারের সময়ে তাকে ঢাকা রেঞ্জের অতিরিক্ত ডিআইজি হিসেবে পদায়ন করা হয়। পরে গত বছরের ২৬ নভেম্বর তিনি ডিআইজি পদে পদোন্নতি পান। এরপর পুলিশ সদর দপ্তরে দায়িত্ব পালনের পর চলতি বছরের মার্চে বরিশাল রেঞ্জের ডিআইজি হিসেবে দায়িত্ব নেন।
পুলিশের একজন দক্ষ, কর্মঠ ও নিষ্ঠাবান কর্মকর্তা হিসেবে মোস্তাফিজুর রহমানের সুনাম রয়েছে বলে সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান। খুলনা রেঞ্জে দায়িত্ব পালনকালে তিনি রেঞ্জের বিভিন্ন জেলা ও উপজেলা পরিদর্শন করেন। জেলা পুলিশের কর্মকর্তাদের পাশাপাশি জনপ্রতিনিধি ও রাজনৈতিক নেতাদের সঙ্গেও তিনি নিয়মিত বৈঠক করেছেন।
খুলনা বিভাগে সরকারের বৃক্ষরোপণ কর্মসূচি জোরদার করার পাশাপাশি মাদক ও চোরাচালানসহ বিভিন্ন অপরাধ নিয়ন্ত্রণে মাঠপর্যায়ে কর্মকর্তাদের নির্দেশনা দেন তিনি। অপরাধ নিয়ন্ত্রণে মাঠপর্যায়ে সরাসরি তদারকিও করেন।
এর আগে বরিশাল রেঞ্জের ডিআইজি হিসেবে দায়িত্ব পালনকালে মাদকবিরোধী অভিযান জোরদারের পাশাপাশি নিষিদ্ধ ঘোষিত সংগঠনের নাশকতামূলক ও আইনশৃঙ্খলাবিরোধী তৎপরতা প্রতিরোধে মাঠপর্যায়ে তদারকি করেন মোস্তাফিজুর রহমান। অধীনস্থ কর্মকর্তাদের সঙ্গে সমন্বয় করে বিভিন্ন গুরুত্বপূর্ণ অভিযানেও নেতৃত্ব দেন তিনি।
বিশেষ করে গত ২৩ জুন আওয়ামী লীগের ঘোষিত কর্মসূচিকে কেন্দ্র করে বরিশাল রেঞ্জে ব্যাপক নিরাপত্তাব্যবস্থা নেওয়া হয়। ওই সময় ডিআইজির সার্বিক তদারকিতে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখা হয় বলে পুলিশ সূত্রে জানা যায়। বড় ধরনের কোনো অপ্রীতিকর ঘটনাও ঘটেনি।
মোস্তাফিজুর রহমান ঢাকা রেঞ্জের ডিআইজি হিসেবে নতুন দায়িত্ব নিয়ে অধিনস্ত ১৩ জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ ও পুলিশি কার্যক্রম জোরদার হবে— বলছে পুলিশের ঊর্ধ্বতনরা।



















