শেষ হলো আন্তঃব্যাটালিয়ন ফুটবল টুর্নামেন্ট, চ্যাম্পিয়ন ১০ এপিবিএন
- আপডেট: ১১:১৩:৫২ পূর্বাহ্ন, রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬
- / ১৮০০১
নিজস্ব প্রতিবেদক,সোনালী খবর
ফাইনালের উত্তেজনাপূর্ণ লড়াইয়ের মধ্য দিয়ে শেষ হলো ১০ আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন) আয়োজিত আন্তঃব্যাটালিয়ন ফুটবল টুর্নামেন্ট ২০২৬। ফাইনালে ৪ এপিবিএন, বগুড়াকে ২–০ গোলে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে স্বাগতিক ১০ এপিবিএন, বরিশাল।
শনিবার ১০ এপিবিএন, বরিশালের খেলার মাঠে জমকালো আয়োজনে টুর্নামেন্টের ফাইনাল ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়।
টুর্নামেন্টে স্বাগতিক ১০ এপিবিএনসহ মোট নয়টি এপিবিএন দল অংশ নেয়। গ্রুপ পর্ব ও সেমিফাইনালের বাধা পেরিয়ে ফাইনালে মুখোমুখি হয় ১০ এপিবিএন বরিশাল ও ৪ এপিবিএন বগুড়া। প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ফাইনালে বগুড়াকে ২–০ গোলে হারিয়ে শিরোপা জিতে নেয় স্বাগতিক দল।
ফাইনাল ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন এপিবিএন হেডকোয়ার্টার্সের ডিআইজি (প্রশাসন) মোহাম্মদ শাহজাহান। খেলা পরিচালনা কমিটির আহ্বায়ক ও অনুষ্ঠানের সভাপতি হিসেবে উপস্থিত ছিলেন ১০ এপিবিএন বরিশালের অধিনায়ক মো. শাহাব উদ্দীন, অ্যাডিশনাল ডিআইজি।
অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন ৫ এপিবিএনের অধিনায়ক ও বাংলাদেশ পুলিশ সাঁতার ও ওয়াটার পোলো ক্লাবের সভাপতি মো. ইকবাল, আরআরএফ বরিশালের অধিনায়ক (অ্যাডিশনাল ডিআইজি) আব্দুস সালাম, টুরিস্ট পুলিশ কুয়াকাটা রিজিয়নের অ্যাডিশনাল ডিআইজি অনির্বাণ চাকমা, পিবিআই বরিশালের অ্যাডিশনাল ডিআইজি মো. মনিরুল ইসলাম, এপিবিএন হেডকোয়ার্টার্সের পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মো. স্নিগ্ধ আখতার, পিপিএম এবং এসআরবি-৮, বরিশালের অধিনায়ক কমান্ডার মুহাম্মদ শাহাদত হোসেন।
এ ছাড়া অনুষ্ঠানে বাংলাদেশ পুলিশ নারী কল্যাণ সমিতি (পুনাক), ১০ এপিবিএন বরিশালের সভানেত্রী মুবাশিরা খাতুনসহ পুলিশের বিভিন্ন ইউনিটের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
পরে প্রধান অতিথি ও বিশেষ অতিথিরা চ্যাম্পিয়ন ১০ এপিবিএন বরিশাল এবং রানার্সআপ ৪ এপিবিএন বগুড়া দলের খেলোয়াড়দের হাতে মেডেল ও ট্রফি তুলে দেন।
টুর্নামেন্ট পরিচালনা-সংক্রান্ত উপকমিটির আহ্বায়ক হিসেবে সার্বিক দায়িত্ব পালন করেন অতিরিক্ত পুলিশ সুপার (অপারেশন্স অ্যান্ড ইন্টেলিজেন্স) মো. জাহাঙ্গীর আলম। অনুষ্ঠান ও আপ্যায়ন ব্যবস্থাপনার দায়িত্বে ছিলেন ১০ এপিবিএন বরিশালের অতিরিক্ত পুলিশ সুপার (বিকিউএম) সাইফুল আলম মুজাহিদ। অনুষ্ঠান সঞ্চালনা ও উপস্থাপনার দায়িত্ব পালন করেন সহকারী পুলিশ সুপার (অ্যাডজুটেন্ট, ট্রেনিং অ্যান্ড অপ্স) আশফাক আহমেদ।
গত ৭ সেপ্টেম্বর থেকে শুরু হওয়া আন্তঃব্যাটালিয়ন ফুটবল টুর্নামেন্টের ফাইনাল ও পুরস্কার বিতরণীর মধ্য দিয়ে টুর্নামেন্টের সমাপ্তি হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ও বিশেষ অতিথিরা টুর্নামেন্ট আয়োজনের সঙ্গে সংশ্লিষ্ট খেলা পরিচালনা কমিটি ও সংশ্লিষ্ট সবাইকে ধন্যবাদ জানান।
অনুষ্ঠানের সমাপনী বক্তব্যে ১০ এপিবিএন বরিশালের অধিনায়ক খেলাধুলাকে শক্তির উৎস, শৃঙ্খলাকে অঙ্গীকার এবং ঐক্যকে শক্তি হিসেবে ধারণ করে দেশসেবাকে সর্বোচ্চ ব্রত হিসেবে গ্রহণের আহ্বান জানান। পরে তিনি আন্তঃব্যাটালিয়ন ফুটবল টুর্নামেন্ট ২০২৬ এর আনুষ্ঠানিক সমাপ্তি ঘোষণা করেন।



















