গভীর সমুদ্রে ইঞ্জিন বিকল, ৮ জেলেসহ ফিশিং বোট উদ্ধার
- আপডেট: ০৪:৪৯:৩৮ অপরাহ্ন, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬
- / ১৮০০১
নিজস্ব প্রতিবেদক,ঢাকা
গভীর সমুদ্রে ইঞ্জিন বিকল হয়ে ভাসতে থাকা একটি ফিশিং বোটসহ আট জেলেকে জীবিত উদ্ধার করেছে কোস্ট গার্ড। সুন্দরবনের কোকিলমনি থেকে প্রায় ১১ নটিক্যাল মাইল দক্ষিণে গভীর সমুদ্রে মাছ ধরার সময় বোটটির ইঞ্জিন বিকল হয়ে যায়।
শুক্রবার (২৫ সেপ্টেম্বর) সকালে কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন এ তথ্য জানান।
তিনি বলেন, গত ১৯ সেপ্টেম্বর দুপুর ১১টার দিকে আট জেলেসহ ফিশিং বোটটি মাছ আহরণের সময় গভীর সমুদ্রে ইঞ্জিন বিকল হয়ে ভাসতে থাকে। পরে বোটটি মোবাইল নেটওয়ার্কের আওতায় এলে গত ২৪ সেপ্টেম্বর বিকেল ৩টার দিকে একজন জেলে বোটের মালিককে ফোন করে বিষয়টি জানান। এরপর বোটের মালিক কোস্ট গার্ড পশ্চিম জোনের কাছে সহায়তা চান।
খবর পেয়ে কোস্ট গার্ড স্টেশন কোকিলমনি থেকে একটি উদ্ধারকারী দল গভীর সমুদ্রে অভিযান পরিচালনা করে। পরে বিকল হয়ে ভাসতে থাকা ফিশিং বোটটি শনাক্ত করে এর আট জেলেকে জীবিত উদ্ধার করা হয়।
উদ্ধারের পর জেলেদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয় এবং প্রয়োজনীয় খাবার সরবরাহ করা হয়। ফিশিং বোটসহ তাঁদের মালিকপক্ষের কাছে হস্তান্তরের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।
কোস্ট গার্ডের এই কর্মকর্তা বলেন, জরুরি উদ্ধার কার্যক্রমে কোস্ট গার্ড ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত রাখবে।



















