শার্শায় ২৬ স্বর্ণের বারসহ পাচারকারী আটক
- আপডেট: ০৩:২৭:৫৮ অপরাহ্ন, বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬
- / ১৮০০৬
নিজস্ব প্রতিবেদক,সোনালী খবর
ভারতে পাচারের সময় যশোরের শার্শার বাগাআঁচড়া এলাকায় অভিযান চালিয়ে ৭ কোটি ৬৭ লাখ টাকা মূল্যের ২৬ পিস স্বর্ণের বার জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। এ সময় রিপন হোসেন (৪১) নামের এক পাচারকারীকে আটক করা হয়েছে।
মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) রাতে স্বর্ণসহ তাদের আটক করা হয়।
আটক রিপন হোসেন শার্শা উপজেলার বসতপুর গ্রামের আব্দুল মান্নানের ছেলে।
বিজিবি জানায়, মঙ্গলবার রাত ১০টায় গোপন সংবাদের ভিত্তিতে তারা জানতে পারে স্বর্ণের বড় একটি চালান ভারতে পাচারের উদ্দেশ্যে বাগআঁচড়া বাজার এলাকায় বাবু সুপার মার্কেটের মধ্যে পাচারকারী অবস্থান করছে। এমন সংবাদে খুলনা ২১ বিজিবি ব্যাটালিয়নের অধীনে রুদ্রপুর ক্যাম্পের বিজিবির একটি দল ওই মার্কেটে অভিযান চালিয়ে রিপন হোসেন নামে এক পাচারকারীকে আটক করে। পরে তার দেহ তল্লাশি করে ২৬ পিস স্বর্ণেরবারসহ পাচারকাজে ব্যবহৃত দুটি মোটরসাইকেল, দুটি মোবাইল ফোন এবং ১টি স্মার্ট ঘড়ি জব্দ করা হয়।
জব্দ করা স্বর্ণের ওজন ৩ কেজি ৪৩৮ গ্রাম। যার বাজারমূল্য ৭ কোটি ৬৭ লাখ টাকা। অন্যান্য মালামালসহ মোট সিজার মূল্য ৭ কোটি ৭২ লাখ টাকা বলে জানায় বিজিবি।
খুলনা ২১ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. নাফিজ ইমতিয়াজ আহসান জানান, শার্শার বাগাআঁচড়া বাজার এলাকা থেকে ২৬ পিস স্বর্ণেরবারসহ এক পাচারকারীকে আটক করা হয়েছে। তার বিরুদ্ধে মামলা দিয়ে শার্শা থানায় সোর্পদ করা হয়েছে। জব্দ করা স্বর্ণেরবারগুলো সরকারি ট্রেজারি শাখায় জমা দেওয়া হবে। চোরাকারবারিদের বিরুদ্ধে তাদের এ ধরণের অভিযান অব্যাহত থাকবে বলে জানান বিজিবির এই কর্মকর্তা।



















