নিউগিনি প্রপার্টিজে হামলা: সাবেক মেজর জেনারেল গোলাম মহিউদ্দিন গ্রেফতার
- আপডেট: ০৩:৪৬:৪৫ অপরাহ্ন, বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬
- / ১৮০০৩
নিজস্ব প্রতিবেদক,ঢাকা
নিউগিনি প্রপার্টিজে হামলার ঘটনায় মেজর জেনারেল (অব.) গোলাম মহিউদ্দিন চৌধুরীকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। আজ বুধবার (৩০ সেপ্টেম্বর) দুপুরে রাজধানীর সেগুনবাগিচা এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।
ডিবি গুলশান বিভাগের একটি দল বুধবার দুপুর ২টা ৪৫ মিনিটে রমনা থানাধীন সেগুনবাগিচা-২০ এলাকার ২/এ নম্বর বাসা থেকে গোলাম মহিউদ্দিন চৌধুরীকে গ্রেফতার করে।
ডিবি সূত্রে জানা গেছে, নিউগিনি প্রপার্টিজে হামলার ঘটনায় ক্যান্টনমেন্ট থানায় করা একটি মামলায় গোলাম মহিউদ্দিন চৌধুরী এজাহারভুক্ত আসামি। ক্যান্টনমেন্ট থানার মামলা নম্বর-১৪, তারিখ ২৭ সেপ্টেম্বর ২০২৬। মামলায় দণ্ডবিধির ১৪৩, ১৪৭, ১৪৮, ১৪৯, ৪৪৭, ৪৪৮, ৩২৩, ৩২৪, ৩২৫, ৩২৬, ৩০৭, ৩৭৯, ৩৮০, ৪২৭, ১১৪ ও ৩৪ ধারায় অভিযোগ আনা হয়েছে।
গ্রেফতার গোলাম মহিউদ্দিন চৌধুরীর বয়স ৬৬ বছর। তার বাবার নাম মো. আবুল ফয়েজ চৌধুরী এবং মায়ের নাম মিসেস হাসমত আরা বেগম। তার স্থায়ী ঠিকানা ঢাকার খিলগাঁওয়ের মালিবাগ বাজার রোডের দ্বিতীয় গলি এলাকায়। বর্তমানে তিনি মিরপুর ডিওএইচএস এলাকায় বসবাস করেন।
নিউগিনি প্রপার্টিজে হামলার ঘটনায় করা মামলায় তিনি ৪ নম্বর এজাহারভুক্ত আসামি বলে জানিয়েছে ডিবি।
গত শনিবার রাতে প্রায় ৫০ জন ব্যক্তি নিউগিনি প্রপার্টিজ লিমিটেডের প্রকল্প এলাকায় অনধিকার প্রবেশ করেন। এ সময় তারা গুলি ছোড়েন এবং রামদা, ছোরা ও লাঠিসোঁটা নিয়ে হামলা চালান। এতে প্রকল্পের সাইট ইঞ্জিনিয়ার মো. পারভেজসহ কয়েকজন আহত হন।
একপর্যায়ে হামলাকারীরা সালমান মুক্তাদিরের ‘ব্রাউন ফিস’ নামের স্টুডিওতে ঢুকে ভাঙচুর ও লুটপাট করেন। এসময় প্রকল্প এলাকা থেকে নগদ টাকা, ল্যাপটপ, কম্পিউটার, বৈদ্যুতিক তার, ক্যামেরা ও পেশাদার মিডিয়া সরঞ্জামসহ বিভিন্ন মালামাল নিয়ে যায় হামলাকারীরা। এ ছাড়া কয়েকটি গাড়িও ভাঙচুর করা হয়।
নিউগিনি প্রপার্টিজ কর্তৃপক্ষের অভিযোগ, ভাঙচুর ও লুটপাটে তাদের প্রায় ১ কোটি ৪২ লাখ ৮০ হাজার টাকার ক্ষতি হয়েছে। এ ছাড়া ১ কোটি ৫০ লাখ ৪৪ হাজার টাকার মালামাল চুরি হয়েছে।
ঘটনার খবর পেয়ে ক্যান্টনমেন্ট থানা পুলিশ ঘটনাস্থলে গেলে হামলাকারীরা পুলিশকে লক্ষ্য করেও গুলি ছোড়ে। এ সময় আত্মরক্ষা ও পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ পাঁচ রাউন্ড শর্টগানের গুলি ছোড়ে। পরে ঘটনাস্থল থেকে দুজনকে গ্রেফতার করা হয়। পরবর্তী সময়ে অভিযান চালিয়ে আরও একজনকে গ্রেফতার করা হয়। এছাড়া সবশেষ গত সোমবার বিকালে পশ্চিম মাটিকাটা এলাকা থেকে এই মামলার ৯ নম্বর এজাহারনামীয় আসামি ও কুষ্টিয়া-২ (মিরপুর ও ভেড়ামারা) আসনের সংসদ সদস্য মো. আব্দুল গফুরের জামাতা মিজানুর রহমানকে গ্রেফতার করে ডিবি গুলশান বিভাগ। মামলাটির বাদী প্রকল্পের কর্মকর্তা সাইফুল ইসলাম ভূঁইয়া। মামলায় ১৩ জনের নাম উল্লেখ করে অজ্ঞাতনামা আরও ১৫০ থেকে ২০০ জনকে আসামি করা হয়েছে।



















