বিজিবি সৈনিকের ছবি ব্যবহারে বিদেশি প্ল্যাটফর্মের বিরুদ্ধে প্রতিবাদ
- আপডেট: ০৮:০৮:৫৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১ অক্টোবর ২০২৬
- / ১৮০০৩
নিজস্ব প্রতিবেদক,ঢাকা
বাংলাদেশে পরিচালিত একটি বিদেশি অনলাইন প্ল্যাটফর্মে প্রকাশিত ‘আবু সাঈদ হত্যাকাণ্ড ছিল অপরাধ, কিন্তু মানবতাবিরোধী অপরাধ কী?’ শীর্ষক নিবন্ধে বিজিবি সদস্যের ছবি ব্যবহারের ঘটনায় তীব্র প্রতিবাদ ও নিন্দা জানিয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
বৃহস্পতিবার (১ অক্টোবর) এক প্রেস বিজ্ঞপ্তিতে এ নিন্দা জানানো হয়।
বিজিবি বলছে, নিবন্ধটির বিষয়বস্তুর সঙ্গে বাহিনীর কোনো সংশ্লিষ্টতা নেই। এরপরও বিজিবি সৈনিকের ছবি ব্যবহার করা দায়িত্বজ্ঞানহীন ও বিভ্রান্তিকর। এর মাধ্যমে একটি ঐতিহ্যবাহী বাহিনীর ভাবমূর্তি ও সুনাম ক্ষতিগ্রস্ত হয়েছে।
বিজিবির পক্ষ থেকে বলা হয়েছে, এ ধরনের ছবি ব্যবহারের ঘটনা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের বিজিবি বিরোধী মনোভাব এবং বাহিনীর বিরুদ্ধে সুদূরপ্রসারী ষড়যন্ত্রের অংশ বলে তারা মনে করে। বিদেশি অর্থায়নে পরিচালিত একটি সংস্থা হিসেবে বিজিবির মতো দেশের ঐতিহ্যবাহী একটি বাহিনীর ছবি ব্যবহারের ক্ষেত্রে আন্তর্জাতিক মান বজায় রাখা এবং আরও সতর্কতা অবলম্বন করা উচিত ছিল।
বিজিবি ওই নিবন্ধ থেকে অবিলম্বে ছবিটি সরিয়ে নেওয়া, সংশোধনী প্রকাশ এবং পাঠকদের বিভ্রান্তি দূর করতে দৃশ্যমানভাবে দুঃখপ্রকাশের আহ্বান জানিয়েছে।
ভবিষ্যতে বিজিবির ছবি, পরিচয় বা প্রতীক ব্যবহারের ক্ষেত্রে যথাযথ তথ্য যাচাই ও সর্বোচ্চ পেশাগত সতর্কতা অবলম্বনের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানিয়েছে বাহিনীটি। একই সঙ্গে বিজিবির ভাবমূর্তি ক্ষুণ্ন করা, কোনো বিতর্কিত ঘটনার সঙ্গে বাহিনীকে অন্যায়ভাবে সম্পৃক্ত করা কিংবা বিভ্রান্তিকরভাবে উপস্থাপনার বিরুদ্ধে প্রয়োজনীয় ও যথাযথ ব্যবস্থা নেওয়ার অধিকার সংরক্ষণ করার কথা জানিয়েছে বিজিবি।
বিজিবি বলেছে, মতপ্রকাশ ও সংবাদ প্রকাশের স্বাধীনতার পাশাপাশি তথ্যের যথার্থতা, ছবির প্রাসঙ্গিকতা এবং সংশ্লিষ্টদের দায়িত্বশীল ভূমিকা প্রত্যাশিত।















