হিজলায় ৮৭ জেলে আটক, ৮১ লাখ মিটারের বেশি কারেন্ট জাল জব্দ
- আপডেট: ১২:১০:০৮ অপরাহ্ন, সোমবার, ১৯ অক্টোবর ২০২৬
- / ১৮০১৩
নিজস্ব প্রতিবেদক,সোনালী খবর
মা ইলিশ সংরক্ষণ অভিযানে বরিশালের হিজলায় ৮৭ জেলেকে আটক করেছে নৌ পুলিশ। গত ৮ থেকে ১৮ অক্টোবর পর্যন্ত মেঘনা ও এর শাখা নদীগুলোতে অভিযান চালিয়ে ৬৪টি মামলা করা হয়েছে। এ সময় ৮০ লাখ ৮৬ হাজার ৯০০ মিটার অবৈধ কারেন্ট জাল ও ২৪৭ কেজি মাছ জব্দ করা হয়।
রবিবার (১৮ অক্টোবর) হিজলা নৌ পুলিশ ফাঁড়ির এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।
নৌ পুলিশের বিজ্ঞপ্তিতে বলা হয়, মা ইলিশ সংরক্ষণ অভিযান-২০২৬-এর অংশ হিসেবে নৌ পুলিশ, বরিশাল অঞ্চলের পুলিশ সুপার এস এম নাজমুল হকের তত্ত্বাবধানে অভিযান পরিচালিত হচ্ছে। এতে নেতৃত্ব দিচ্ছেন সিনিয়র সহকারী পুলিশ সুপার মো. ইমরান হোসেন মোল্লা এবং হিজলা নৌ পুলিশ ফাঁড়ির ইনচার্জ পুলিশ পরিদর্শক মো. ইয়াছিনুল হক।
হিজলা নৌ পুলিশ ফাঁড়ির আওতাধীন মেঘনা ও এর শাখা নদী—অন্তর্বাম, চরকিল্লা, হরিনাথপুর, আবুপুর, ধুলখোলা, বাউশিয়া ও কাইসমা এলাকায় এসব অভিযান চালানো হয়। নিষিদ্ধ সময়ে অবৈধ কারেন্ট জাল ব্যবহার করে মা ইলিশ শিকারের অভিযোগে জেলেদের আটক করা হয়। তাঁদের বিরুদ্ধে নিয়মিত মামলা করে আদালতে পাঠানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, অভিযানে জব্দ করা অবৈধ কারেন্ট জাল নিয়ম অনুযায়ী ধ্বংস করা হয়েছে। জব্দ করা ২৪৭ কেজি মাছ স্থানীয় এতিমখানা এবং অসহায় মানুষের মধ্যে বিতরণ করা হয়েছে। এ ছাড়া ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ১১ জন জেলেকে বিভিন্ন মেয়াদে সাজা দেওয়া হয়েছে।
অভিযান চলাকালে ১৩ জন অপ্রাপ্তবয়স্ক ছেলেকেও পুলিশি হেফাজতে নেওয়া হয়। পরে তাদের অভিভাবকদের ডেকে সতর্ক করা, মুচলেকা নেওয়া এবং পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।
নৌ পুলিশের দাবি, মা ইলিশ শিকার ঠেকাতে গভীর রাতে মেঘনা নদীতে অভিযান চালাতে গিয়ে কখনো কখনো বাধার মুখে পড়তে হচ্ছে। কিছু জেলে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের লক্ষ্য করে ইট-পাটকেল নিক্ষেপ করেন এবং লাঠিসোঁটা নিয়ে হামলার চেষ্টা করেন।
মা ইলিশ সংরক্ষণ অভিযান সফল করতে স্থানীয় রাজনৈতিক নেতাসহ সংশ্লিষ্ট সবার সহযোগিতা চেয়েছে নৌ পুলিশ। ইলিশের প্রজনন নির্বিঘ্ন রাখতে সবাইকে একযোগে কাজ করার আহ্বান জানিয়েছে সংস্থাটি।




















