তেজগাঁও এলাকায় আ. লীগ ও অঙ্গসংগঠনের ২০ নেতাকর্মী গ্রেফতার, ককটেল উদ্ধার
- আপডেট: ১২:৩৬:৪৯ অপরাহ্ন, বুধবার, ১৮ নভেম্বর ২০২৬
- / ১৮০১২
নিজস্ব প্রতিবেদক,ঢাকা
ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) তেজগাঁও বিভাগের বিশেষ অভিযানে নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের ২০ নেতাকর্মীকে গ্রেফতার করা হয়েছে। তাদের মধ্যে দুজনের কাছ থেকে দুটি ককটেল উদ্ধার করা হয়েছে।
গতকাল মঙ্গলবার রাতে তেজগাঁও বিভাগের বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।
বুধবার (১৮ নভেম্বর) সকালে তেজগাঁও বিভাগের উপ-কমিশনার (ডিসি) মো. ইবনে মিজান গ্রেফতারের তথ্য নিশ্চিত করেন।
গ্রেফতার ব্যক্তিদের মধ্যে রয়েছেন, আদাবর থানা ৩০ নম্বর ওয়ার্ড যুবলীগের সাবেক যুগ্ম আহ্বায়ক মোস্তফা কামাল (৪৫), একই ওয়ার্ড তাঁতী লীগের যুগ্ম আহ্বায়ক তুহিন হোসেন (৩২), আদাবর থানা মহিলা আওয়ামী লীগের সদস্য শিউলী (৫০), তাঁতী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক শামীম সরদার (৩২) এবং স্বেচ্ছাসেবক লীগের সদস্য রিয়াজ (২৬)।
এ ছাড়া রয়েছেন আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের তেজগাঁও থানা ২৬ নম্বর ওয়ার্ডের ১০ নম্বর ইউনিটের সহসভাপতি জলিল উদ্দিন, ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের সদস্য মীরজাদি আফরোজা,পটুয়াখালী জেলা ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক মোহসিন আকন্দ, কাশিয়ানী উপজেলা যুবলীগের সাবেক সভাপতি কাজী নুরুল আমিন তুহিন (৫৫), কাশিয়ানী উপজেলা আওয়ামী লীগের সহকারী অর্থ সম্পাদক বিল্লাল হোসেন (৪১)।
গ্রেফতার অন্য ব্যক্তিরা হলেন– ঢাকা পলিটেকনিকের লতিফ হল শাখা ছাত্রলীগের সভাপতি জাকারিয়া শাওন (২৬), ছাত্রলীগের সক্রিয় কর্মী সাওম আহমেদ সীমান্ত (২৩), জাকির হোসেন (২৯), তানিন ভূঁইয়া (২৪), শ্যামলীতে ককটেল নিক্ষেপ করে পালানোর সময় আটক মারুফ হোসেন (২৫) ও দেলোয়ার (২২), মাকসুদ (৩৬), কবীর হোসেন (৩৮), বরগুনা পৌর স্বেচ্ছাসেবক লীগের সাবেক সভাপতি তানভীর আহমেদ (৩২) এবং মো. রুবেল (২৮)।
পুলিশের দেওয়া তথ্য অনুযায়ী,গ্রেফতার ব্যক্তিদের বিরুদ্ধে বিভিন্ন রাজনৈতিক কর্মসূচিতে অংশগ্রহণ, অর্থ ও গাড়ি সরবরাহ এবং নাশকতামূলক কর্মকাণ্ডে সম্পৃক্ততার অভিযোগ রয়েছে। তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।




















