গাজীপুরে মহাসড়ক অবরোধ করে শ্রমিকদের বিক্ষোভ, পুলিশের গাড়িতে আগুন
- আপডেট: ১২:৫৫:৪৮ অপরাহ্ন, বুধবার, ১৮ নভেম্বর ২০২৬
- / ১৮০১৫
গাজীপুর প্রতিনিধিঃ
গাজীপুরের বাইপাস,মালেকেরবাড়ী ও টঙ্গীতে সকালে মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছে পোশাক শ্রমিকেরা।এসময় টঙ্গীর হারিকেন এলাকায় পুলিশের একটি গাড়িতে অগ্নিসংযোগ করা হয়েছে।এতে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের প্রায় চার কিলোমিটার এলাকা জুড়ে যান চলাচল বন্ধ রয়েছে। আজ(১৮ নভেম্বর বুধবার) সকাল ৯টার দিকে টঙ্গীর ইম্পেরিয়াল হাসপাতালের সামনে থেকে ভোগড়া পর্যন্ত শ্রমিকরা সড়কে অবস্থান নেন।
পরিস্থিতি উত্তপ্ত হওয়ায় ৩০টি কারখানায় সাধারণ ছুটি ঘোষণা করেছে মালিকপক্ষ। এরপর গাছা, বোর্ড বাজার, বড়বাড়ী ও তারগাছ এলাকায় শ্রমিকরা বিক্ষোভ শুরু করেন।
পুলিশের ট্রাফিক বিভাগের পরিদর্শক শফিকুল ইসলাম বলেন,উত্তরা থেকে টঙ্গী পর্যন্ত সড়কে যান চলাচল স্বাভাবিক রয়েছে। তবে টঙ্গীর ইম্পেরিয়াল হাসপাতালের সামনে থেকে ভোগড়া পর্যন্ত যান চলাচল বন্ধ রয়েছে।
এর আগে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের হারিকেন এলাকায় শ্রমিকেরা পুলিশের একটি গাড়িতে আগুন ধরিয়ে দেন। পরবর্তীতে তাৎক্ষণিকভাবে আগুন নেভানো হয়।
গাজীপুর মহানগর পুলিশের (জিএমপি) অতিরিক্ত কমিশনার বেলায়েত হোসেন এর সত্যতা নিশ্চিত করেছেন।




















