বিচারাধীন জমি দখলের চেষ্টা, বিএনপি নেতাদের বিরুদ্ধে প্রভাব খাটানোর অভিযোগ,কালিগঞ্জে ২৫ শতক জমি নিয়ে বিরোধ
- আপডেট: ০১:০৯:২৪ অপরাহ্ন, বুধবার, ১৮ নভেম্বর ২০২৬
- / ১৮০২০
কালিগঞ্জ সাতক্ষীরা
সাতক্ষীরার কালিগঞ্জে ২৫ শতক জমির মালিকানা ও দখল নিয়ে বিরোধের জেরে উত্তেজনা বিরাজ করছে। আদালতে মামলা বিচারাধীন থাকা অবস্থায় স্থানীয় বিএনপি নেতাদের নেতৃত্বে বিরোধপূর্ণ জমি মাপজরিপের অভিযোগ উঠেছে। প্রতিপক্ষের বিরুদ্ধে জোরপূর্বক জমি দখলের চেষ্টা, প্রাণনাশের হুমকি এবং রাজনৈতিক নেতা ও থানা প্রশাসনকে প্রভাবিত করার অভিযোগ করেছেন বীর মুক্তিযোদ্ধা আব্দুল হান্নান সরদারের মেয়ে মোছা. হালিমা খাতুন। তবে এসব অভিযোগ অস্বীকার করে জমির মালিকানা দাবি করেছে প্রতিপক্ষ পরিবার।
আদালত সূত্রে জানা গেছে, সাতক্ষীরার অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আদালতে ফৌজদারি কার্যবিধির ১৪৫ ধারায় পিটিশন মামলা নং ১৩৭৩/২৬ (কালিঃ) বিচারাধীন রয়েছে। মামলার পরবর্তী তারিখ নির্ধারণ করা হয়েছে ১৭ ডিসেম্বর ২০২৬।
আদালতে দাখিল করা আবেদনে হালিমা খাতুন অভিযোগ করেন, গত ৮ নভেম্বর সকাল আনুমানিক ১১টার দিকে প্রতিপক্ষ শেখ আমানত আলীসহ কয়েকজন কালিগঞ্জ উপজেলার দিয়া মৌজার ৮৭ নম্বর জেএলভুক্ত ৪০৩ নম্বর এসএ এবং ৫১৯ ও ৭২৩ নম্বর বিএস খতিয়ানের ৬২৯ ও ৬৩৪ নম্বর দাগের মোট ২৫ শতক জমিতে প্রবেশ করেন। এ সময় তাঁরা ঘেরের বেড়িবাঁধ কেটে মাছ ধরার চেষ্টা করেন। এতে বাধা দিলে তাঁকে মারধর ও প্রাণনাশের হুমকি দেওয়া হয় বলে আবেদনে উল্লেখ করা হয়েছে।
এ ছাড়া দীর্ঘদিন ধরে জমি জবরদখলের হুমকি, গাছপালা কেটে ফেলা, বসতঘর ভাঙচুর এবং বাধা দিলে অপহরণ, গুম ও মিথ্যা মামলায় হয়রানির হুমকি দেওয়া হচ্ছে বলেও অভিযোগ করেন তিনি।
এ অবস্থায় জমিতে শান্তিভঙ্গ ও সংঘর্ষের আশঙ্কা প্রকাশ করে প্রতিপক্ষের প্রবেশে নিষেধাজ্ঞা এবং বিরোধপূর্ণ জমিতে স্থিতাবস্থা বজায় রাখার আদেশ চেয়ে গত ৯ নভেম্বর আদালতে আবেদন করেন হালিমা খাতুন।
তবে গত ১৩ নভেম্বর শুক্রবার বিরোধের বিষয়টি নতুন করে আলোচনায় আসে। ওই দিন সরেজমিনে গিয়ে দেখা যায়, উপজেলা বিএনপির সাবেক সদস্যসচিব ডা. সফিকুল ইসলাম বাবু ও কুশুলিয়া ইউনিয়ন বিএনপির সভাপতি আবু হাসানের নেতৃত্বে বিরোধপূর্ণ জমিতে মাপজরিপের কাজ চলছে।
আদালতে মামলা বিচারাধীন থাকা অবস্থায় কোনো আদালতের নির্দেশনা ছাড়াই কীভাবে জমি মাপজরিপ করা হচ্ছে—এমন প্রশ্নের জবাবে ডা. সফিকুল ইসলাম বাবু ও আবু হাসান জানান, কালিগঞ্জ থানার উপপরিদর্শক (এসআই) আব্দুর রহিম তাঁদের এ দায়িত্ব দিয়েছেন।
বিষয়টি জানতে এসআই আব্দুর রহিমের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বলেন, স্থানীয় বিএনপি নেতৃবৃন্দকে বিষয়টি মীমাংসার দায়িত্ব দেওয়া হয়েছে। তবে আদালতে মামলা বিচারাধীন থাকা অবস্থায় রাজনৈতিক নেতাদের দিয়ে জমি মাপজরিপের দায়িত্ব দেওয়ার বিষয়ে জানতে চাইলে তিনি সুস্পষ্ট কোনো ব্যাখ্যা দিতে পারেননি।
এদিকে, জমি দখলের চেষ্টা ও রাজনৈতিক প্রভাব খাটানোর অভিযোগের বিষয়ে বক্তব্য জানতে জেলা বিএনপির সদস্য শেখ নুরুজ্জামানের মুঠোফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি ফোন রিসিভ করেননি। ফলে এ বিষয়ে তাঁর বক্তব্য পাওয়া যায়নি।
অন্যদিকে, প্রতিপক্ষ শেখ আমানত আলী ও তাঁর সন্তানেরা অভিযোগ অস্বীকার করে বলেন, বিরোধপূর্ণ জমির মালিকানা তাঁদের। তাঁদের দাবি, ২০০৯-১০ সালের দিকে বীর মুক্তিযোদ্ধা আব্দুল হান্নান সরদার তাঁদের কাছ থেকে ২৫ শতক জমি নিয়ে বিনিময়ে সমপরিমাণ জমি দেওয়ার মৌখিক চুক্তি করেছিলেন। পরবর্তী সময়ে বিনিময়ের অংশ হিসেবে তাঁরা কিছু জমির দখল পেলেও বাকি জমি বুঝিয়ে দেওয়া হয়নি।
তাঁরা আরও জানান, এ বিষয়ে সে সময় উপজেলা নির্বাহী কর্মকর্তা ও থানায় অভিযোগ করেও কোনো সমাধান পাননি। ২০২০ সালে নিজেদের দাবিকৃত জমিতে তাঁরা ঘর নির্মাণ করেন। তবে এক সপ্তাহের মধ্যে একই জমিতে হান্নান সরদারের বসতঘরে আগুন লাগে। এ ঘটনায় তাঁদের বিরুদ্ধে মামলা হয়। পরবর্তী সময়ে সিআইডির তদন্ত প্রতিবেদনে ঘরটি কারা পুড়িয়েছে, তা শনাক্ত করা সম্ভব হয়নি বলে উল্লেখ করা হয়।
বর্তমানে তাঁরা স্থানীয়দের মাধ্যমে নিজেদের দাবিকৃত জমি বুঝে নেওয়ার চেষ্টা করছেন।
এদিকে, হালিমা খাতুন ও তাঁর পরিবারের দাবি, জমির প্রকৃত মালিকানা আদালতের মাধ্যমে নির্ধারিত হোক, এতে তাঁদের কোনো আপত্তি নেই। বৈধ কাগজপত্র না থাকলে আদালতের নির্দেশনা মেনে জমি ছেড়ে দিতেও তাঁরা প্রস্তুত। তবে আদালতে মামলা চলমান থাকা অবস্থায় রাজনৈতিক প্রভাব খাটিয়ে এবং পুলিশ প্রশাসনকে ব্যবহার করে জমি দখলের চেষ্টা কেন করা হচ্ছে, তা নিয়ে প্রশ্ন তুলেছেন তাঁরা।
পরিবারটির দাবি, জমির মালিকানা ও দখলসংক্রান্ত বিরোধের নিষ্পত্তি আদালতের মাধ্যমেই হওয়া উচিত। কোনো ধরনের রাজনৈতিক প্রভাব, চাপ কিংবা সংঘাত নয়; বরং প্রশাসন ও আদালতের হস্তক্ষেপে বিষয়টির শান্তিপূর্ণ সমাধান চান তাঁরা।




















