৮ কেজি ৩০৯ গ্রাম হেরোইনসহ ভাইবোন গ্রেফতার
- আপডেট: ০২:৩৯:০৯ অপরাহ্ন, মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬
- / ১৮০০৩
নিজস্ব প্রতিবেদক,ঢাকা
চাঁপাইনবাবগঞ্জ ও রাজশাহী এলাকায় পৃথক দুটি অভিযান চালিয়ে বিদেশি পিস্তল,গুলি এবং প্রায় ৮ কোটি টাকা মূল্যের হেরোইনসহ চারজনকে গ্রেফতার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি-৫)।
মঙ্গলবার (২৪ নভেম্বর) রাজধানীর কারওয়ান বাজারে এসআরবি মিডিয়া সেন্টারে আয়োজিত এক সংবাদ সন্মেলনে এসব জানান এসআরবি -৪-এর পদাতিক অধিনায়ক লে. কর্নেল মো. হাফিজুর রহমান।
মো. হাফিজুর রহমান বলেন, এসআরবি-৫ এর সিপিসি-১ (চাঁপাইনবাবগঞ্জ ও সদর কোম্পানি)-এর একটি যৌথ আভিযানিক দল ২৩ নভেম্বর দিবাগত রাতে চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ থানাধীন রাণীনগর হাটপাড়া এলাকায় অভিযান চালায়। অভিযানে আহসান আলী ও আব্দুর রহিম নামের দুই ব্যক্তিকে গ্রেফতার করা হয়। পরে তাদের বসতবাড়িতে তল্লাশি চালিয়ে যুক্তরাষ্ট্রের তৈরি (মেইড ইন ইউএসএ) ২টি বিদেশি পিস্তল, ৪টি ম্যাগাজিন, ৯ রাউন্ড গুলি এবং অস্ত্র কেনাবেচার নগদ ১ লাখ ৪০ হাজার ৭০০ টাকা জব্দ করা হয়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা অস্ত্র কেনাবেচার সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছেন বলেও জানান এই কর্মকর্তা।
তিনি বলেন, গ্রেফতারকৃত আহসান আলীর বিরুদ্ধে শিবগঞ্জ থানায় অস্ত্র, পাসপোর্ট জালিয়াতি ও গুরুতর জখমের তিনটি মামলা রয়েছে। এছাড়া আব্দুর রহিমের বিরুদ্ধে ডিএমপির মতিঝিল থানায় জাল টাকার বিশেষ ক্ষমতা আইনে একটি মামলা রয়েছে।
অপর এক অভিযানের তথ্য জানিয়ে এসআরবি’র এই কর্মকর্তা বলেন, এসআরবি-৫ এর সিপিএসসি (রাজশাহী)-এর একটি দল একই রাতে রাজশাহী মহানগরের শাহমখদুম থানাধীন নওদাপাড়া এলাকায় অভিযান চালায়। সেখানে সম্পর্কে ভাই-বোন মোছা. ময়না বেগম ও শাহাদত হোসেনকে গ্রেফতার করা হয়। পরে তাদের ভাড়া বাসায় তল্লাশি চালিয়ে ৮ কেজি ৩০৯ গ্রাম হেরোইন উদ্ধার করা হয়, যার আনুমানিক বাজারমূল্য প্রায় ৮ কোটি টাকা।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃতরা মাদক ব্যবসার সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছেন। তাদের বিরুদ্ধে পূর্বেও টাঙ্গাইলের কালিহাতী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রয়েছে।
বিগত ছয় মাসের তথ্য জানিয়ে তিনি বলেন, এসআরবি-৫ মোট ১৭টি অস্ত্র, ৭১ রাউন্ড গুলি, ২৫৫টি ককটেল, প্রায় ১৮ কেজি গান পাউডার, ৪০ কেজি হেরোইন, ৪ হাজার ৯২২ বোতল ফেনসিডিল, প্রায় ২৭ হাজার পিস ইয়াবা, ৫০৮ কেজি গাঁজা ও ১৬ হাজার পিস ট্যাপেন্টাডল উদ্ধার করেছে বলেও এসআরবির পক্ষ থেকে জানানো হয়।


















