সুন্দরবনে অস্ত্র ও গোলাবারুদসহ করিম শরীফ বাহিনীর অস্ত্র সরবরাহকারী আটক
- আপডেট: ০৩:২৭:৩৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩০ অক্টোবর ২০২৫
- / ১৮০৬৯
নিজস্ব প্রতিবেদক,সোনালী খবর
সুন্দরবনের কুখ্যাত ডাকাত করিম শরীফ বাহিনীর অস্ত্র সরবরাহকারীকে অস্ত্র ও গোলাবারুদসহ আটক করেছে বাংলাদেশ কোস্ট গার্ড। বৃহস্পতিবার (৩০ অক্টোবর ) সকালে এক সংবাদ বিজ্ঞপ্তিতে কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক এ তথ্য নিশ্চিত করেছেন।
কোস্ট গার্ড সূত্রে জানা যায়,গোপন সংবাদের ভিত্তিতে জানা যায়—সুন্দরবনের ডাকাত করিম শরীফ বাহিনীকে অস্ত্র ও গোলাবারুদ সরবরাহের উদ্দেশ্যে এক সহযোগী হারবাড়িয়া সংলগ্ন নন্দবালা খাল এলাকা দিয়ে বনাঞ্চলে প্রবেশের প্রস্তুতি নিচ্ছে।
এ তথ্যের ভিত্তিতে কোস্ট গার্ড বেইস মোংলার একটি বিশেষ দল বৃহস্পতিবার সকাল ৬টার দিকে এলাকায় অভিযান চালায়।
অভিযানকালে কোস্ট গার্ড সদস্যদের উপস্থিতি টের পেয়ে ওই ব্যক্তি পালানোর চেষ্টা করলে ধাওয়া করে তাকে আটক করা হয়। এসময় তার কাছ থেকে ১টি একনলা বন্দুক ও ৩ রাউন্ড তাজা কার্তুজ উদ্ধার করা হয়।
আটককৃত ব্যক্তির নাম আব্দুর রহিম (৩২)। তিনি বাগেরহাট জেলার শরণখোলা উপজেলার বাসিন্দা। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি স্বীকার করেছেন যে,তিনি দীর্ঘদিন ধরে করিম শরীফ বাহিনীকে অস্ত্র ও গোলাবারুদ সরবরাহ করে আসছিলেন।
জব্দ করা অস্ত্র ও গোলাবারুদসহ আটক ব্যক্তির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে বলে জানিয়েছে কোস্ট গার্ড।
লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক বলেন,সুন্দরবনকে দস্যুমুক্ত রাখতে বাংলাদেশ কোস্ট গার্ড ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত রাখবে।

















