মোহাম্মদপুরে ৬ পেট্রোলবোমা ও ৪ ককটেল উদ্ধার
- আপডেট: ০৮:৪৩:৫৯ অপরাহ্ন, বুধবার, ১২ নভেম্বর ২০২৫
- / ১৮১২৫
নিজস্ব প্রতিবেদক,ঢাকা
রাজধানীর মোহাম্মদপুরে বিশেষ অভিযান চালিয়ে পরিত্যক্ত ছয়টি পেট্রোলবোমা ও চারটি ককটেল উদ্ধার করেছে র্যাব।
বুধবার (১২ নভেম্বর) সন্ধ্যা ৬টার দিকে রায়েরবাজার বুদ্ধিজীবী কবরস্থান এলাকা থেকে বোমাগুলো উদ্ধার করা হয়।
র্যাব-২ এর অতিরিক্ত পুলিশ সুপার মো.শামসুল ইসলাম এ তথ্য জানান।

তিনি বলেন,র্যাব-২ সিপিএসসির একটি বিশেষ দল এ অভিযান পরিচালনা করে। আওয়ামী লীগ ও সহযোগী সংগঠন ঘোষিত ১৩ নভেম্বরের লকডাউনকে কেন্দ্র করে দুর্বৃত্তরা এলাকায় নাশকতার পরিকল্পনা করেছিল।
উদ্ধার বোমা ও ককটেলগুলো মোহাম্মদপুর,তিনরাস্তাসহ আশপাশের এলাকায় সহিংস কর্মকাণ্ডে ব্যবহারের জন্য মজুত করা হয় বলে মনে করছে র্যাব।

অভিযান শেষে উদ্ধার করা পেট্রোলবোমা ও ককটেল ধ্বংসের জন্য র্যাব সদর দপ্তরের বোম ডিসপোজাল ইউনিটকে অবহিত করা হয়। বর্তমানে সেগুলো ধ্বংসের প্রক্রিয়া চলছে।
র্যাবের এই কর্মকর্তা জানান,লকডাউন ঘিরে কেউ যাতে নাশকতা বা আতঙ্ক সৃষ্টির চেষ্টা না করতে পারে, সেজন্য গোয়েন্দা নজরদারি ও টহল জোরদার করা হয়েছে।




















