সুন্দরবনের কোস্ট গার্ডের অভিযানে হরিণের মাংসসহ ২ শিকারি আটক
- আপডেট: ০৪:২২:৫৪ অপরাহ্ন, শনিবার, ২৭ ডিসেম্বর ২০২৫
- / ১৮১৭২
নিজস্ব প্রতিবেদক,সোনালী খবর
সুন্দরবনের নলিয়ান এলাকায় কোস্ট গার্ডের বিশেষ অভিযানে সাড়ে ২১ কেজি হরিণের মাংস,হরিণের মাথা,পা ও শিকারের ফাঁদসহ দুইজন হরিণ শিকারিকে আটক করা হয়েছে।
কোস্ট গার্ড মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক শনিবার (২৭ ডিসেম্বর ) বিকেলে বিষয়টি নিশ্চিত করেন।
তিনি জানান,গোপন সংবাদের ভিত্তিতে শনিবার মধ্যরাত আনুমানিক ২টার দিকে কোস্ট গার্ড আউটপোস্ট নলিয়ান খুলনার দাকোপ থানাধীন সুন্দরবনের নলিয়ান সংলগ্ন মুচির দোয়ানী খালে একটি বিশেষ অভিযান পরিচালনা করে।
অভিযানে ঘটনাস্থল থেকে সাড়ে ২১ কেজি হরিণের মাংস, একটি মাথা, চারটি পা এবং প্রায় ৬০০ মিটার দৈর্ঘ্যের হরিণ শিকারের ফাঁদ জব্দ করা হয়। এ সময় দুইজন হরিণ শিকারিকে আটক করা হয়।
পরবর্তীতে জব্দকৃত হরিণের মাংস,অঙ্গপ্রত্যঙ্গ,শিকারের ফাঁদ ও আটককৃত ব্যক্তিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য নলিয়ান ফরেস্ট অফিসের কাছে হস্তান্তর করা হয়েছে।
লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক আরও বলেন,বন্যপ্রাণী হত্যা ও পাচার রোধে কোস্ট গার্ডের নিয়মিত টহল ও অভিযান অব্যাহত থাকবে।




















