ত্রয়োদশ নির্বাচনে সহিংসতা ও জাল ভোট প্রতিরোধে গুরুত্বপূর্ণ ভূমিকা আনসার-ভিডিপির
- আপডেট: ১০:৪২:২৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১২ ফেব্রুয়ারী ২০২৬
- / ১৮০০৭
নিজস্ব প্রতিবেদক,সোনালী খবর
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে অবাধ,সুষ্ঠু ও নিরপেক্ষভাবে সম্পন্ন করতে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী (আনসার-ভিডিপি) সারাদেশে সর্বোচ্চ সংখ্যক সদস্য মোতায়েন করে গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছে। বাহিনীর মোট ৫ লাখ ৭৬ হাজার ৪৮৩ জন কর্মকর্তা,কর্মচারী ও সদস্য এবারের নির্বাচনে দায়িত্ব পালন করেন,যা অংশগ্রহণকারী সব বাহিনীর মধ্যে সর্বোচ্চ।
বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর উপপরিচালক ও গণসংযোগ কর্মকর্তা মো. আশিকউজ্জামান এ তথ্য নিশ্চিত করেন।
তিনি বলেন, নির্বাচন চলাকালে সহিংসতা, নাশকতা ও বিশৃঙ্খলা প্রতিরোধে আনসার-ভিডিপি সদস্যরা বিভিন্ন এলাকায় সক্রিয় ভূমিকা পালন করেন। দায়িত্ব পালনকালে গোপালগঞ্জে ২ জন, খাগড়াছড়িতে ৩ জন এবং গাইবান্ধায় ৩ জন আনসার সদস্য আহত হন।
জাল ভোট প্রতিরোধে বাহিনীর তৎপরতা ছিল উল্লেখযোগ্য। সারাদেশে ১৯০টিরও বেশি ভোটকেন্দ্রে জাল ভোট দেওয়ার চেষ্টা শনাক্ত করা হয়। হবিগঞ্জের বানিয়াচং উপজেলায় জাল ভোট প্রদানের উদ্দেশ্যে আসা ৭ জনকে আনসার-ভিডিপি ও পুলিশের যৌথ অভিযানে আটক করা হয়।
কুমিল্লার মনোহরগঞ্জ উপজেলার বিনয়ঘর সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা হলে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তারা ৪ রাউন্ড ফাঁকা গুলি নিক্ষেপ করেন। গোপালগঞ্জ সদর এলাকার রেশমা ইন্টারন্যাশনাল স্কুল কেন্দ্রে ককটেল বিস্ফোরণে ২ জন আনসার সদস্য আহত হন। গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলায় অব্যবহৃত ব্যালট পেপার ছিনতাইয়ের চেষ্টা প্রতিহত করতে গিয়ে ১০ জন আনসার ও পুলিশ সদস্য আহত হন। খাগড়াছড়ির মাটিরাঙ্গা উপজেলার খেদাছড়া এলাকায় হামলা প্রতিরোধ করতে গিয়ে আরও ৩ জন আনসার-ভিডিপি সদস্য আহত হন।
এন্ড ইউজারদের মাধ্যমে প্রাপ্ত তাৎক্ষণিক তথ্যের ভিত্তিতে সারাদেশে প্রায় ৭১৫টি বিশৃঙ্খলার ঘটনায় স্ট্রাইকিং ও টহল টিম দ্রুত ব্যবস্থা গ্রহণ করে। এছাড়া ২০০টিরও বেশি সংঘর্ষের ঘটনায় আনসার ব্যাটালিয়ন অন্যান্য আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে সমন্বয় করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। নোয়াখালী-৫, ফেনী-১, মেহেরপুর-১, দিনাজপুর-৩, সিলেট-১ ও নারায়ণগঞ্জ-১সহ বিভিন্ন নির্বাচনী এলাকায় দলীয় সমর্থকদের মধ্যে সংঘর্ষের ঘটনা দ্রুত মোকাবিলা করা সম্ভব হয়েছে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।
টাঙ্গাইল, চট্টগ্রামসহ কয়েকটি জেলায় ব্যালট বাক্স ও ব্যালট পেপার ছিনতাইয়ের চেষ্টা প্রতিহত করা হয়। বিভিন্ন স্থানে ভোটারদের ভোট প্রদান থেকে বিরত রাখার চেষ্টা হলে টহল দল দ্রুত হস্তক্ষেপ করে পরিস্থিতি স্বাভাবিক করে। নারায়ণগঞ্জ সদর উপজেলার একটি কেন্দ্রে জোরপূর্বক প্রবেশের চেষ্টা প্রতিহত করা হয়। ঠাকুরগাঁওয়ের একটি কেন্দ্রে প্রিজাইডিং অফিসারকে লাঞ্ছিত করার চেষ্টা হলে আনসার সদস্যরা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন।
সার্বিকভাবে, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর ভূমিকা নির্বাচনী পরিবেশ সুরক্ষা ও ভোটারদের নিরাপত্তা নিশ্চিত করতে গুরুত্বপূর্ণ অবদান রেখেছে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।




















